নয়াদিল্লি, মার্চ ৩ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত বলেছে, পাকিস্তানের লাহোরে মঙ্গলবার শ্রীলংকার ক্রিকেট দলের ওপর হামলা বর্বরোচিত ও দুঃখজনক। একইসঙ্গে তারা বলেছে, খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা যে, 'নৈরাশ্যজনকভাবে অপর্যাপ্ত' ছিল তা প্রকাশিত হয়েছে এ ঘটনায়।
ওই হামলায় শ্রীলংকার সহকারী কোচসহ পাঁচ খোলোয়াড় আহত হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলায় মুখোশ পরা ১২ জন বন্দুকধারী অংশ নেয় এবং তাদের হাতে ছিল গ্রেনেড ও রকেট লঞ্চার। তারা খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে গুলি করছিল।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পআন চিদাম্বারাম নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, "এটি একটি বেদনাদায়ক ঘটনা।" তিনি আরও বলেন, "শ্রীলংকা দলের জন্য নিরাপত্তা যে হতাশাজনকভাবে অপর্যাপ্ত ছিল তা পুরোপুরি স্পষ্ট। আমরা এ ঘটনার নিন্দা জানাই।"
ভারতীয় ক্রিকেট দল জানুয়ারিতে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করে দেওয়ার পর শ্রীলংকাকে দেশটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মুম্বাই হামলার ঘটনায় ওই সফর বাতিল করেছিল ভারত।
ভারতের এ প্রতিক্রিয়া পাকিস্তানের সঙ্গে বিরাজমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই হামলার পর থেকে পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশদুটির মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং দেশদুটি বাকযুদ্ধে লিপ্ত রয়েছে। পাকিস্তানের জঙ্গিরা ওই হামলা চালিয়েছে এবং দেশটির গোয়েন্দারা এতে জড়িত বলে অভিযোগ করে আসছে ভারত।
বিডিনিউজ ২৪ ডটকম/এএমটি/এলকিউ/১৬০৫ ঘ.
bdnews24