ব্রাসেলস, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন হলে নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো। তবে আগস্টে নির্বাচন হলে ভোটকেন্দ্রগুলো ভালভাবে পাহারা দেওয়া সম্ভব হবে। নিরাপত্তা জোটটির একজন মুখপাত্র সোমবার একথা বলেছেন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই শনিবার বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের শেষ তারিখ ২১ এপ্রিল। আর সংবিধানের বিধিবদ্ধ নিয়ম মেনেই নির্বাচন করা উচিত।
ওদিকে, দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঠিক করেছে আগামী ২০ আগস্ট। ওয়াশিংটন ও এর ন্যাটো মিত্ররা এ সময়েই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।
ন্যাটোর মুখপাত্র জেমস আপ্পাথুরাই রয়টার্সকে বলেন, কখন নির্বাচন হবে সেটি আফগানদেরই ব্যাপার। তিনি এও বলেন, তবে নির্বাচন প্রক্রিয়াকে আমরা কোন সময়ে কতটা সহায়তা দেওয়ার সামর্থ্য রাখব তা বিবেচনায় আনা উচিত তারিখ নির্ধারণের ক্ষেত্রে।
"মোদ্দা কথা, আগেভাগে না হয়ে আগস্টে নির্বাচন হলে আমরা বেশি সমর্থন ও নিরাপত্তা দিতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৫ ঘ.
bdnews24