বেইজিং, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাজধানী বেইজিংয়ের একটি সরকার-পরিচালিত গির্জার প্রার্থনা সভায় যোগ দিয়ে, নারী অধিকার কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং সংক্ষিপ্ত ওয়েব চ্যাটে অংশ নিয়ে রোববার চীন সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
সফরের শেষ দিনে তার এসব কর্মসূচিকে প্রতীকী তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনে ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা, অধিকার আন্দোলনের কর্মীদের হয়রানি না করা এবং ইন্টারনেটে বিধি-নিষেধ আরোপ না করার প্রতি ইঙ্গিত করে তিনি এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে অভিযোগ করেছে যে, চীন এ তিনটি বিষয়েই কট্টর অবস্থান নিয়েছে।
তবে, সপ্তাহব্যাপী এশিয়া সফরের শেষ দিনে হিলারি অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি এমন ভঙ্গিতে ধর্মীয় কিংবা নাগরিক অধিকারের কথা বলেছেন যাতে কোনোভাবেই চীন আহত বোধ না করে। এসব বিষয়ে কথা বলাকে দেশটি তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বিবেচনা করে থাকে।
সকালে মার্কিন দূতাবাসে একদল নারী অধিকার কর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হিলারি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "সব সমাজেই চ্যালেঞ্জ আছে, নানা ইস্যু এবং প্রতিবন্ধকতা আছে তবে এটা গুরুত্বপূর্ণ যে, আপনাদের মতো মানুষরা সেসবকে সামনে নিয়ে আসবেন এবং কথা বলে যাবেন।"
এর আগে রোবাবার সকালে হিলারি দিন শুরু করেন বেইজিংয়ে হাইদিয়ান ক্রিশ্চিয়ান চার্চে প্রার্থনাসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে। ২০০৮ সালে অলিম্পিক গেমস উদ্বোধনের আগে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয় এলাকায় ওই গির্জাটি প্রতিষ্ঠা করা হয়।
চীনে প্রায় ৪ কোটি সক্রিয় খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন। তাদের মধ্যে অনেকে সরকার পরিচালিত বিভিন্ন গির্জায় যান। এসব গির্জার পুরোহিতদের সরকার নিয়োগ করে থাকে। আর বাকীরা অন্যান্য বেসরকারী ও অপ্রকাশ্য গির্জায় প্রার্থনা করে থাকে।
বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে, সফর শেষের আগে সংক্ষিপ্ত ওয়েব চ্যাটে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24