২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবন্দিসহ প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

সামাজিক-রাজনৈতিক বন্দি ও ৫ বৌদ্ধভিক্ষুসহ ছয় হাজারেরও বেশি বন্দিকে শুক্রবার সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ২০০৩ সালে এদের বন্দি করা হয়েছিল। বিরোধী দল ও বিভিন্ন অধিকার আন্দোলন সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সামাজিক-রাজনৈতিক বন্দি ও ৫ বৌদ্ধভিক্ষুসহ ছয় হাজারেরও বেশি বন্দিকে শুক্রবার সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ২০০৩ সালে এদের বন্দি করা হয়েছিল। বিরোধী দল ও বিভিন্ন অধিকার আন্দোলন সূত্র একথা জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টমাস ওজিয়া কুইন্টানার মিয়ানমারে পাঁচদিন সফরের পর বন্দি মুক্তর ঘোষণা দিল সরকার। সফরের সময় ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বেশ কয়েকজন রাজবন্দির সঙ্গে সাক্ষাৎ করেন কুইন্টানা। ইয়াঙ্গুনের এক কর্মী শনিবার রয়টার্সকে জানান, "আমরা যতদূর জানি ইনসেইন কারাগার থেকে শনিবার যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজন বৌদ্ধ ভিক্ষু, ১১ জন সামাজিক-রাজনৈতিক বন্দি এবং বাকী ৬ জন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সাং সুচির 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি' (এনএলডি) ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্য। মিয়ানমারের এই নেত্রীসহ প্রায় ২ হাজার ১৬২ জন তাদের রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের কারণে জান্তার হাতে বন্দি আছে বলে ধারণা করা হয়। তবে জান্তা সরকার বন্দিদের মধ্যে রাজবন্দিদের কথা অস্বীকার করে বলেছে, সবাই অপরাধী। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভি শুক্রবার জানিয়েছে, বন্দিদের 'পরিবারের সামাজিক বিবেচনা' এবং ২০১০ সালের নির্বাচনে অংশগ্রহণ ও 'গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার রোডম্যাপ' বাস্তবায়নের সাতটি পদক্ষেপের অংশ হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ইনসেইন কারাগার থেকে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন এনএলডি নেতা থেট ওয়েই। জবরদস্তি কাজ করানো হচ্ছে বলে ২০০৮ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তে অভিযোগ করায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশের মিটকিয়িনা কারাগার থেকে আরও তিন এনএলডি নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৪ ঘ.