২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের অবস্থান নিয়ে দুই মার্কিন অধ্যাপকের তত্ত্ব

এত বছর পর ওসামা বিন লাদেন এখন কোথায়? এ প্রশ্নের উত্তর নাকি জানা আছে ভূগোল বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এত বছর পর ওসামা বিন লাদেন এখন কোথায়? এ প্রশ্নের উত্তর নাকি জানা আছে ভূগোল বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপকের। লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস গিলেপসি ও জন এন্ড্রু উপগ্রহ থেকে তোলা চিত্রের বিশ্লেষণ এবং ভূ-তাত্ত্বিক নানা পদ্ধতির নিরিখে এই তত্ত্ব দিয়েছেন: লাদেন আছেন পাকিস্তানের উত্তরপশ্চিমের পার্বত্য এলাকার পারাশিনার শহরে। পারাশিনার শহরটি আফগান সীমান্ত থেকে ১৯ কিলোমিটার দূরে। দুই অধ্যাপকের বিশ্বাস, সেখানে তিনটি দেয়ালঘেরা চত্বরের একটিতে বাস করছেন লাদেন। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের হামলার পর গা-ঢাকা দেন লাদেন। এরপর কখনো কখনো তিনি তার সমর্থকদের প্রকাশিত ভিডিওচিত্রে আবির্ভূত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। কিন্তু তার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে আড়াই কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেও যুক্তরাষ্ট্র আজও তার হদিস পায়নি। অধ্যাপকদ্বয় এমআইটি ইন্টারন্যাশনাল রিভিউ সাময়িকীতে লিখেছেন, "লাদেনের বর্তমান অবস্থানের সন্ধান পেতে আমরা বিজ্ঞানের দ্রুত অগ্রসরমান পদ্ধতি ব্যবহার করেছি। মার্কিন গোয়েন্দাসংস্থাগুলো থেকে নতুন তথ্য পেলে এই ওই পদ্ধতির মাধ্যমে তার অবস্থান সম্পর্কে তথ্যের হালনাগাদ করা যাবে।" লাদেনের সর্বশেষ জ্ঞাত অবস্থান আফগানিস্তানের তোরাবোরা গিরিশ্রেণীকে হিসাবে নিয়ে গিলেপসি ও এন্ড্রু এর সঙ্গে যোগ করেছেন "প্রাণীকুল ও গাছপালা কীভাবে সময় ও স্থানভেদে নিজেদের বণ্টন করে তা অনুমান করার তত্ত্ব।" তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, পারাশিনারই সম্ভবত লাদেনের উপযুক্ত আশ্রয়স্থল। এ স্থানে থাকায় আল কায়েদা নেতা বিদ্যুৎসুবিধা, শারীরিক নিরাপত্তা এবং নিজস্ব গোপনীয়তা রক্ষার পাশাপাশি ছ্টো একটি রক্ষীদলের পাহারা পাচ্ছেন। অধ্যাপকরা বলেছেন, "বড় শহরের ভেতরে বা কাছাকাছি থাকলে সেনাঅভিযানে লাদেনের ধরা পড়ার সম্ভাবনা কম। ছোট শহরে বা বিচ্ছিন্ন জায়গায় থাকলে ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি।" তারা লিখেছেন, ১৯৮০ দশকে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় পারাশিনারে মুজাহিদরা ঘাঁটি গাড়ে। এখন সেখানে বিপুল সংখ্যক তালেবানের থাকার সম্ভাবনা রয়েছে। লাদেন কোন গুহায় লুকিয়ে আছেন এমন জনপ্রিয় ধারণায় বিশ্বাসী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে গিলেপসি ও এন্ড্রু বলেছেন তারা এ ধারণাটি বিশ্বাস করেন না। "গুহা হলে তার প্রবেশমুখ বন্ধ রাখতে হবে, ভেতরট গরম হয়ে থাকবে, বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে, মাসে বা বছরে সেখানে রসদ পৌঁছাতে হবে। গুহার এসব প্রয়োজন মেটাতে গেলে সহজে মহাকাশের গোয়েন্দা উপগ্রহের নজরে পরে যাবে। তাই আমাদের মতে লাদেনের আশ্রয়ের ক্ষেত্রে গুহাতত্ত্ব খাপ খায় না।" মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করেন, লাদেন কোথায় আছেন তা তারা জানেন না। তবে তাদের বিশ্বাস আল কায়েদার এই শীর্ষ নেতা পাকিস্তান-আফগান সীমান্তের কোথাও লুকিয়ে আছেন। পারাশিনারের কাছের পার্বত্য এলাকাটিতে আমেরিকার যে নজরদারি নেই- তা নয়। সোমবার সেখানে চালকহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। এদের বেশিরভাগই তালেবান জঙ্গি বলে খবর প্রকাশ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫২ ঘ.