ওয়াশিংটন, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন কংগ্রেসে শুক্রবার ৭৮৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার বিল পাশের পর মঙ্গলবার ডেনভারে এই বিলে সই করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের পথে বিলটিকে একটি বড় ধরনের মাইলফলক বলে প্রশংসা করেছেন ওবামা।
বিল সইয়ের মুহূর্তে ওবামা বলেন, "আজই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে গেল এমন কথা আমি বলতে চাই না। তাছাড়া অর্থনীতির মোড় ঘুরাতে আমরা যা করার পরিকল্পনা করেছি এই বিলই যে তার সব তাও নয়। তবে আজ থেকে অর্থনৈতিক সমস্যা সমাধানের সূচনা হল।"
মারাত্মক মন্দা থেকে দেশকে রক্ষা করতে এই বিলের মাধ্যমে জরুরি ব্যয় মিটানো ও কর হ্রাসের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রতিনিধি পরিষদে ২৪৮-১৮৩ ভোটে বিলটি পাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিনেট বিলটি অনুমোদন করে। সিনেটে পক্ষে পড়ে ৬০ এবং বিপক্ষে পড়ে ৩৮ ভোট। যুক্তরাষ্ট্রে ব্যাংকিং খাতের সংকটের কারণে ঋণ প্রদান প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং লোকজনের চাকরি হারানোর হার বেড়ে ৭ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর প্রেক্ষাপটে অর্থনীতি রক্ষায় কংগ্রেস সেরা কী পদক্ষেপ নেয় তা নিয়ে গত এক সপ্তাহ ধরে তুমুল তর্ক চলেছে দেশটিতে। বিশ্বের বিভিন্ন পুঁজিবাজার ও সরকারগুলোর চোখও ছিল এদিকে।
চূড়ান্ত ভোটাভুটির পর সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ড্যানিয়েল ইনোয়ি বলেন, "এর মাধ্যমে সমস্যা রাতারাতি দূর হয়ে যাবে না।"
হাওয়াইয়ের এই ডেমোক্র্যাট সিনেটর এটাও বলেন, "এর মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হবে...সংকট থেকে বের হয়ে আসতে এটা আমেরিকানদের বিশ্বাস জোগাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২০ ঘ.
bdnews24