মিঙ্গোরা, পাকিস্তান, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় রোববার থেকে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের এক মুখপাত্র এ খবর জানিয়েছেন।
জঙ্গিদের মুখপাত্র মুসলিম খান বলেন, "মাওলানা সুফি মোহাম্মাদের সঙ্গে সরকারের আলোচনার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা স্বেচ্ছায় যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছি।" সুফি মোহাম্মাদ ওই অঞ্চলে মুসলিম আধ্যাত্মিক নেতা।
জঙ্গিরা গত শনিবার নিজে থেকেই অপহৃত এক চীনা নাগরিককে মুক্তি দিয়েছে। গত পাঁচ মাস ধরে তারা ওই চীনাকে আটক রেখেছিল।
অন্যদিকে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি রোববার জানিয়েছেন, দেশের আধা স্বায়ত্তশাসিত আদিবাসী অঞ্চল এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের জেলাগুলোতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
রাষ্ট্রীয় আইনের বদলে শরিয়া আইন প্রবর্তনের জন্য সোয়াতের ধর্মীয় কট্টরপন্থিরা দীর্ঘদিন ধরে লড়াই করছে।
২০০৭ সালে সোয়াত উপত্যকায় পুরোমাত্রায় বিদ্রোহী তৎপরতা শুরু হওয়ার পর থেকে পর্যটকদের কাছে জনপ্রিয় এই অঞ্চলটি জঙ্গিদের নিয়ন্ত্রণে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.
bdnews24