২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিষয়ে রাশিয়ার সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে দুরে রাখতে রাশিয়ার সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে রাশিয়াকে সঙ্গে পেলে তারা পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজে ঢিল দেবে এমন ইঙ্গিতও দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

মস্কো/ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে দুরে রাখতে রাশিয়ার সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে রাশিয়াকে সঙ্গে পেলে তারা পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজে ঢিল দেবে এমন ইঙ্গিতও দিয়েছে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, "পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতে আমরা যদি এক সঙ্গে কাজ করতে পারি তাহলে পূর্ব ইউরোপে পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজে আমরা ঢিল দেব।" এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে গত কয়েক বছরে রুশ-মার্কিন সম্পর্কের আরও অবনতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন এ বিষয়টি তারা নতুন করে পর্যালোচনা করবে এবং মস্কোর সঙ্গে সুম্পর্ক তৈরি করতে চান তিনি। রাশিয়া অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি। যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হলে তারাও প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা নেবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, বিপজ্জনক রাষ্ট্র, বিশেষ করে ইরানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার উদ্দেশ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উইলিয়াম বার্নস জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে এবং এর সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করার সম্ভাবনার বিষয়টি ভেবে দেখতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বক্তব্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়ে রাশিয়ার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার সম্ভাবনার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।" মস্কোর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তিনি চলতি সপ্তাহে রাশিয়া সফর করেন। বার্নস বলেন, "রাশিয়া এবং ন্যাটো মিত্রদের নিয়ে সহযোগিতার ভিত্তিতে পরিকল্পনা নতুন করে ঢেলে সাজানোর সম্ভাবনা যাচাই করে দেখতে প্রস্তুত ওয়াশিংটন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.