২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সোভিয়েতের একই ভুল করার ঝুঁকিতে পশ্চিমারা

আফগানিস্তানের আলী মর্দান গ্রামে বিয়ের উৎসবটি চলার সময় ছোঁ মেরে নেমে আসে জঙ্গি বিমানগুলো। বিয়ে বাড়ির উঠোনে বোমার আঘাতে মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় ৩০ জন নারী-পুরুষ-শিশুর শরীর। বারুদের গন্ধ মুছে গেলে কবর দেওয়া হয় মৃতদের। বেঁচে থাকা সক্ষম পুরুষরা প্রতিশোধ নিতে হাতে তুলে নেয় অস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

আলী মর্দান, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের আলী মর্দান গ্রামে বিয়ের উৎসবটি চলার সময় ছোঁ মেরে নেমে আসে জঙ্গি বিমানগুলো। বিয়ে বাড়ির উঠোনে বোমার আঘাতে মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় ৩০ জন নারী-পুরুষ-শিশুর শরীর। বারুদের গন্ধ মুছে গেলে কবর দেওয়া হয় মৃতদের। বেঁচে থাকা সক্ষম পুরুষরা প্রতিশোধ নিতে হাতে তুলে নেয় অস্ত্র। এটি ১৯৮২ সালের ঘটনা। বিমানগুলো ছিল সোভিয়েত ইউনিয়নের। শেষ সোভিয়েত সৈন্যটির আফগানিস্তান ছেড়ে যাওয়ার ২০ বছর পূর্ণ হচ্ছে রোববার। কিন্তু এতদিন পরেও আফগানিস্তানে ঘটে চলেছে একইরকম ভয়ঙ্কর ঘটনা। একই ভুল করে চলেছে মার্কিন ও ন্যাটো সেনারা। তৈরি করছে একই কায়দায় বিতাড়িত হওয়ার ঝুঁকি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছর আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোর তালগোলপাকানো বেশ কয়েকটি বিমান হামলায় ৪৫৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। সম্ভবত অনেক লোকের সমাবেশ এবং উৎসব আনন্দে আকাশে গুলি ছোঁড়ার রেওয়াজের কারণে বিয়ের অনুষ্ঠানকে শত্র"র অবস্থান ভেবে ভুল করছে জোটবাহিনী। গত বছর শুধু মার্কিন বিমান থেকেই দুটি বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলা হয়। আঘাত পাওয়ার স্মৃতি দীর্ঘদিন মনে রাখে আফগানরা। প্রতিশোধ নেওয়াও কর্তব্য মনে করে তারা। রাজধানী কাবুলের কাছাকাছি আলী মর্দান গ্রামের বাড়িগুলো কাঁচা ইটের তৈরি। সোভিয়েত বিমান হামলায় স্বজনদের কবর নিয়মিত জিয়ারত করে গ্রামবাসীরা। নৃশংস যুদ্ধকে স্মরণে রাখতে নিহতের ছবিও তারা সাজিয়ে রেখেছে কবরস্থানে। গ্রামের আবুল বাশার বলেন, "তখন আমার বয়স ছিল নয়। সকালে আমার বোনের বিয়ের অনুষ্ঠানে সবাই যখন ব্যস্ত তখনই বিমান থেকে ফেলা হয় বোমা।" নিজের চোখ দেখিয়ে তিনি বলেন, "আমার একটি চোখ গেছে। দাতও গেছে। আমার ভাই আহত হয়েছে; শহীদ হয়েছে বোন, বাবা ও এক ফুফু।" "আমি কিছুতেই তা ভুলতে পারব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১২ ঘ.