২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অর্থনৈতিক পুনরুদ্ধার বিল কংগ্রেসে পাশ

মার্কিন কংগ্রেস শুক্রবার ৭৮৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার বিল পাশ করার মাধ্যমে আইনসভায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিশাল জয় উপহার দিয়েছে। মারাত্মক মন্দা থেকে দেশকে রক্ষা করতে এই বিলের মাধ্যমে জরুরি ব্যয় মিটানো ও কর হ্রাসের পরিকল্পনা রয়েছে সরকারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 05:47 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ওয়াশিংটন, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন কংগ্রেস শুক্রবার ৭৮৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার বিল পাশ করার মাধ্যমে আইনসভায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিশাল জয় উপহার দিয়েছে। মারাত্মক মন্দা থেকে দেশকে রক্ষা করতে এই বিলের মাধ্যমে জরুরি ব্যয় মিটানো ও কর হ্রাসের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিনিধি পরিষদে ২৪৮-১৮৩ ভোটে বিলটি পাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিনেট বিলটি অনুমোদন করে। সিনেটে পক্ষে পড়েছে ৬০ এবং বিপক্ষে পড়েছে ৩৮ ভোট। যুক্তরাষ্ট্রে ব্যাংকিং খাতের সংকটের কারণে ঋণ প্রদান প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং লোকজনের চাকরি হারানোর হার বেড়ে ৭ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর প্রেক্ষাপটে অর্থনীতি রক্ষায় কংগ্রেস সেরা কী পদক্ষেপ নেয় তা নিয়ে গত এক সপ্তাহ ধরে তুমুল তর্ক চলেছে দেশটিতে। বিশ্বের বিভিন্ন পুঁজিবাজার ও সরকারগুলোর চোখও ছিল এদিকে। চূড়ান্ত ভোটাভুটির পর সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ড্যানিয়েল ইনোয়ি বলেছেন, "এর মাধ্যমে সমস্যা রাতারাতি দূর হয়ে যাবে না।" হাওয়াইয়ের এই ডেমোক্র্যাট সিনেটর এটাও বলেন, "এরমাধ্যমে প্রক্রিয়াটি শুরু হবে...সংকট থেকে বের হয়ে আসতে এটা আমেরিকানদের বিশ্বাস জোগাবে।" আশা করা হচ্ছে ওবামা শিগগিরই সই দিয়ে বিলটি আইনে পরিণত করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১৪৩ ঘ.