গাজা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের ত্রাণ সংস্থা 'ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি' (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, হামাস এ সপ্তাহে দ্বিতীয় বারের মতো গাজায় ত্রাণ সরবরাহ আটক করায় শুক্রবার তারা আমদানি স্থগিত করে দিয়েছে।
তবে সরবরাহ আটক করার বিষয়টি অস্বীকার করে হামাস জানিয়েছে, সমন্বয়ের অভাবে চালকদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য এমনটি হয়েছে।
ইউএনআরডব্লিউএ'র মুখপাত্র ক্রিস্টোফার গানেস জানান, হামাসের সেনারা শুক্রবার ১০ ট্রাক মানবিক সাহায্য সামগ্রী আটক করেছে। দুইদিন আগেও তারা গাজার একটি গুদাম থেকে কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে গেছে।
জাতিসংঘের এই সংস্থাটি গাজার ১৫ লাখ লোককে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করে আসছে।
গানেস রয়টার্সকে বলেন, "হামাসকে আটক করা সব ত্রাণসামগ্রী ফেরত দিতে হবে এবং এমন ঘটনা আর ঘটবে না এ বিষয়ে হামাসকে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে হবে।"
তিনি আরও বলেন, "এমন ঘটনা যদি আর না হয় তবে আমরা আমদানির ওপর থেকে স্থগিতাবস্থা তুলে নেব।"
জাতিসংঘ মহাসচিব বান কি মুন আটক করা ত্রাণসামগ্রী ফিরিয়ে দেওয়ার জন্য হামাসকে চাপ দিয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। একইসঙ্গে জাতিসংঘ মহাসচিব গাজায় ত্রাণসামগ্রী "প্রবেশ ও বণ্টন প্রক্রিয়ায় হস্তক্ষেপ থেকে বিরত থাকার" আহ্বান জানিয়েছেন।
হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, হামাসের দুইজন সদস্য ইউএনআরডব্লিউএ এর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং "সঙ্কটের অবসান" ঘটেছে। তবে সংস্থাটি পুনরায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে কীনা সে বিষয়ে তারা পরিষ্কার নয়।
গানেস জানিয়েছেন, তাদের যে পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ আছে তা দিয়ে আরও কিছু দিন চলবে।
হামাসের সমাজকল্যাণমন্ত্রী আহমেদ আল- কুর্দ জানিয়েছেন, ভুলবশত ইউএনআরডব্লিউএ ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল।
তিনি বলেন, "চালকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা ইউএনআরডব্লিউএ কে এসে ত্রাণসামগ্রী নিয়ে যেতে বলেছি। কী কারণে যেন তারা আসেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৪০ ঘ.
bdnews24