ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনীতি পুনরুদ্ধার বিল নিয়ে শুক্রবার ঐকমত্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সিনেটররা। এ সপ্তাহের মধ্যেই ভোটাভুটির মাধ্যমে বিলটি পাসের উদ্যোগ নেওয়া হবে।
বিলটির বিষয়ে সিনেটরদের এই সমঝোতা প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য একটি বড় বিজয়। তবে রিপাবলিকান সিনেটরদের সামান্য সমর্থনের বিনিময়ে ৯৩৭ বিলিয়ন ডলারের বিলটি কিছুটা কাটছাঁট করে ৭৮০ বিলিয়ন ডলারে নামিয়ে আনতে হয়।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেভাডার ডেমোক্র্যাট সিনেটর হ্যারি রিড বলেছেন, "আমরা চাই না, এখন যে আর্থিক সঙ্কোচনের মধ্যে আছি তা একটি মহামন্দার রূপ নিক।"
তিনি জানান, বিলটি পাসের জন্য পর্যাপ্ত সমর্থনের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।
সত্তর বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক আর্থিক সঙ্কটে রয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে প্রায় ৬ লাখ লোক চাকরি হারিয়েছেন দেশটিতে।
এ অবস্থায় সদ্য ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ওবামা চান আগামী ১৬ ফেব্র"য়ারির মধ্যে চূড়ান্ত হয়ে বিলটি তার দপ্তরে আসুক। যাতে তার স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটিকে আইনে পরিণত করে দ্রুত পুনরুদ্ধারকাজ শুরু করা যায়।
পাঁচদিনের টানা দরকষাকষির পর প্রায় ১৫০ বিলিয়ন ডলার ছেঁটে বিলটির বিষয়ে সমঝোতায় আসেন সিনেটররা। ৯৩৭ বিলিয়ন ডলারের মূল প্রস্তাবটির সমালোচনা করে কয়েকজন সিনেটর বলেন, এতে এমন অনেক ব্যয় ধরা হয়েছে যেসবের বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে এ সমালোচনাকারীদের বেশিরভাগই রিপাবলিকান সিনেটর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৪০১ ঘ.
bdnews24