ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অকৃষি খাতে পাঁচ লাখেরও বেশি লোক চাকরি হারিয়েছে। দুর্বল অর্থনীতির কারণে বিক্রি ও মুনাফা কমে যাওয়ার আশঙ্কায় মালিকরা আগের মাসেও প্রায় সমসংখ্যক লোককে ছাঁটাই করে কর্মীসংখ্যা কমিয়ে এনেছে। মার্কিন সরকারের এক রিপোর্টের ভিত্তিতে এ সংবাদ জানিয়েছে গণমাধ্যম।
মার্কিন শ্রম দপ্তরের প্রণীত রিপোর্টটি শুক্রবারই প্রকাশের কথা রয়েছে।
ওবামা প্রশাসন অর্থনীতির পতন টেনে ধরতে নতুন উদ্যোগ নেবে এ আশায় শুক্রবার এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। তবে যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসে চাকরি হারানোর পরিসংখ্যানটি আগের মাসের মতোই হবে এ আভাসে ডলারের দাম কমতে শুরু করে।
বার্তা সংস্থা রয়টার্স ৮২ জন অর্থনীতিবিদের মত জানতে চেয়ে প্রায় একই ধরনের তথ্য পেয়েছে। তারা বলেছেন, জানুয়ারিতে অকৃষি খাতে চাকরি লোকের সংখ্যা দাঁড়াতে পারে ৫ লাখ ২৫ হাজারে। কল-কারখানায় এ সংখ্যা হতে পারে ১ লাখ ৩৯ হাজার।
চাকরি হারানো লোকের সংখ্যা বিপুলভাবে বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির গভীর মন্দার দিকে ধাবিত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে 'বিপর্যয়' এড়ানোর জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার কংগ্রেসের প্রতি দ্রুত ৯শ বিলিয়ন ডলারের অর্থনীতি পুুনরুদ্ধার প্যাকেজটি ছাড় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বারাক ওবামা কংগ্রেসকে সতর্ক করে বলেন, অর্থনীতি পুনরুদ্ধার বিল নিয়ে আলোচনার সময় শেষ। এখন অবিলম্বে এই বিল পাসের পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্কটাপন্ন অর্থনীতি বিপর্যয়ে রূপ নেবে।
ওবামা ১৬ ফেব্র"য়ারির মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার বিল পাস করাতে চান। জ্বালানি মন্ত্রণালয়ে এক বক্তব্যে ওবামা বলেন, " আলোচনার সময় শেষ। এখন কাজে নামার সময়।"
"আমি কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সব সদস্যকেই এ মুহূর্তে উঠে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"
মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিড বৃহস্পতিবার আকস্মিকভাবে অর্থনীতি পুনরুদ্ধার বিল নিয়ে বিতর্ক বন্ধ করে দেন। তবে আইনপ্রণেতারা শুক্রবার বিলটি নিয়ে কাজ শুরু করবে এবং এটি পাস করবে বলে জানান তিনি।
বিলটি সংশোধন করা নিয়ে তৃতীয় দিনের বিচার বিবেচনার পর রিড শুক্রবারের মধ্যে বিলটি পাসের আশা প্রকাশ করেন। ওদিকে, ওবামাও সিনেট এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের প্রতি মতবিভেদ দূর করে চূড়ান্ত বিল আগামী সপ্তাহ বা এ সময়ের মধ্যেই তার কাছে পাঠানোর আহ্বান জানান।
রেইড বলেছেন, শুক্রবার এ ব্যপারে কোনও অগ্রগতি না হলে রোববার বিলটির ওপর ভোটাভুটির জন্য তিনি একটি প্রস্তাব দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২০ ঘ.
bdnews24