ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবার গুয়ানতানামো বে'র কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দিদের নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুয়ান্তানামোর ছাড়া পাওয়া বন্দিরা হয়ত আবারও যুক্তরাষ্ট্রে হামলা শুরু করতে পারে।
তবে একইসঙ্গে তিনি বলেন, কারাগারটি বন্ধ করাটা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ এবং আইনকে সমুন্নত করার ব্যাপার। এটি না করা গেলে যুক্তরাষ্ট্র কালক্রমে অনিরাপদ হয়ে পড়বে।
ওবামা বলেন, "আমরা কি নিশ্চয়তা দিতে পারি যে তারা আরেকটি হামলায় অংশগ্রহণের চেষ্টা চালাবে না? আমরা তা পারি না।"
তিনি বলেন, "কিন্তু আমরা যা নিশ্চিতভাবে বলতে পারি তা হল - আমরা আমাদের সংবিধান ও মূল্যবোধকে উর্ধ্বে তুলে ধরতে না পারলে কালক্রমে তা আমাদেরকে কম নিরাপদ করে তুলবে। আর এতে করে আল-কায়েদার মতো সংগঠনগুলো কর্মী সংগ্রহের সুযোগ পেয়ে যাবে।"
জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা গ্রহণের পরপরই ওবামা প্রশাসন যেসব কাজ করেছে তার অন্যতম হল গুয়ান্তানামো বন্দিশালা বন্ধের পদক্ষেপ নেওয়া। আগামী এক বছরের মধ্যে কারাগারটি বন্ধের নির্দেশ দিয়েছেন ওবামা।
বন্দিশিবিরটিতে এখনও প্রায় আড়াইশ'র মতো বন্দি রয়েছে। এদের মধ্যে অনেককেই বছরের পর বছর ধরে কোনো অভিযোগ গঠন ছাড়াই আটকে রাখা হয়েছে। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো এ কারাগারে বন্দি নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে আসছে।
যুক্তরাষ্ট্রের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যেসব কীর্তির জন্য আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তার মধ্যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পরপরই রয়েছে গুয়ান্তানামো বন্দিশিবির স্থাপন এবং এখানে বন্দি নির্যাতনের ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩৫ ঘ.
bdnews24