ঢাকা, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--সৌদি আরব তার দেশের নাগরিক এমন ৮৩ জঙ্গির তালিকা প্রকাশ করে তাদের দেশে ফিরে স্বাভাবিক জীবনযাপনের আহ্বান জানিয়েছে।
বিভিন্ন আরব দেশের বেশ কিছু নাগরিক ইরাক, আফগানিস্তান বা কাশ্মীরের মতো বিভিন্ন দেশের সংঘাতে স্থানীয় বাহিনীগুলোর সঙ্গে যোগ দিয়ে লড়ছে।
তালিকার ৮৩ জনের মধ্যে প্রতিবেশী ইয়েমেনের দু'জন ছাড়া সবাই সৌদি।
সৌদি আরব যুক্তরাষ্ট্র-পরিচালিত গুয়ান্তানামো বে বন্দিশিবির বা ইরাক থেকে ফেরা তার দেশের অনেক জঙ্গির জন্য পুনর্বাসন কর্মসূচি চালু করেছে। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের অনেকে আবার জঙ্গি কার্যক্রমে ফিরে গেছে। ইয়েমেন শাখা আল-কায়দা গুয়ান্তানামো বে থেকে মুক্তি পাওয়া দুই সৌদি নাগরিককে গত মাসেই কমান্ডার হিসেবে ঘোষণা করেছে।
আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের দেশ সৌদি আরব দেশের অভ্যন্তরে ২০০৩ সাল থেকে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে। গত অক্টোবরে দেশটি জানিয়েছে, তারা এ পর্যন্ত বিভিন্ন হামলার জন্য ৯শ' ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
তবে বিদেশে সক্রিয় সৌদি জঙ্গিদের ব্যাপারে সতর্কভাবে এগোনো হচ্ছে। স্বদেশে জঙ্গিদের সমর্থকদের তরফ থেকে বিরূপ প্রতিক্রিয়া এড়াতেই তা করা হচ্ছে বলে মনে করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রি.জেনারেল মনসুর আল তুরকি বলেছেন, বিদেশে থাকা সৌদি জঙ্গিদের তাদের দেশের দূতাবাসে আত্মসমর্পণ করতে হবে। দূতাবাস কর্তৃপক্ষ তাদের দেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হতে সাহায্য করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১৫২ঘ.
bdnews24