কাবুল, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল কেন্দ্র বিন্দুতে চলে আসছে আফগানিস্তান। আর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এবং তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন ছাড়াও ইরানের সহযোগিতা প্রয়োজন হবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের।
প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইতোমধ্যে ইরান বিষয়ক নীতি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা শুরু করেছে। এর মধ্যে আফগানিস্তানে ইরানের ভূমিকাও অন্তর্ভূক্ত হবে বলে আশা করা হচ্ছে।
তালেবানদের ওপর লেখা একটি সাড়া জাগানো বইয়ের লেখক আহমেদ রশিদ বলেন, "ইরানের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ইরানকে বাদ দিয়ে আফগানিস্তানে স্থিতিশীলতা আনা যাবে না।"
আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বে বর্তমানে প্রায় ৫৫ হাজার বিদেশি সেনা মোতায়েন রয়েছে। ন্যাটো প্রধান জানিয়েছেন, আফগানিস্তানে বিদ্রোহী তৎপরতা দমন করতে হলে ইরানের সহযোগিতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আফগানিস্তানে আরও প্রায় ৩০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে সেখানে সেনাদের জন্য রসদ সরবরাহের ক্ষেত্রে পাকিস্তানের ওপর দিয়ে যে পথ যুক্তরাষ্ট্র ব্যবহার করে জঙ্গি তৎপরতায় তা হুমকির মুখে রয়েছে।
রশিদ বলেন, "আল কায়েদা এবং তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান আংশিকভাবে সহযোগিতা করতে পারে।"
তিনি আরও বলেন, "এক্ষেত্রে ইরানের সঙ্গে আলোচনা হলে তা আফগানিস্তানে ন্যাটো বা মার্কিন বাহিনীকে সহযোগিতা করতে পাকিস্তান বা প্রতিবেশী দেশগুলোর ওপর আরও চাপ সৃষ্টি করবে।"
ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে আলাপ-আলোচনা থেকে শুরু করে সামরিক পদক্ষেপ, সব পথই খোলো আছে বলে গত বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে ওবামার প্রশাসন।
ইরান বিষয়ক নীতি নতুন করে পর্যালোচনা করে দেখছে ওবামা প্রশাসন। তবে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কঠোর অবস্থান থেকে তারা সরে এসেছে। বুশ প্রশাসন ইরানকে 'শয়তানের অক্ষ' হিসেবে আখ্যায়িত করেছিল। ওবামা জানিয়েছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টিকেই তিনি গুরুত্ব দিবেন। তবে আলোনার ক্ষেত্রে কোনো পূর্বশর্ত থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২০ ঘ.
bdnews24