২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণ-দেহ তল্লাশি স্ক্যানার চালু করবে ডাচ, নাইজেরিয়া

নেদারল্যান্ডস ও নাইজেরিয়া কর্তৃপক্ষ বুধবার বিমানবন্দরগুলোতে বিমানযাত্রীদের পূর্ণ দেহ তল্লাশির স্ক্যানার ব্যবহারের ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

হেগ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেদারল্যান্ডস ও নাইজেরিয়া কর্তৃপক্ষ বুধবার বিমানবন্দরগুলোতে বিমানযাত্রীদের পূর্ণ দেহ তল্লাশির স্ক্যানার ব্যবহারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টার পর কড়া নিরাপত্তা ব্যবস্থার প্রেক্ষাপটেই যাত্রীদের নিখুঁত তল্লাশির জন্য এই নতুন ধরনের বডি-স্ক্যানার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ডাচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই আমস্টারডামের শিফল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের যাত্রীদের দেহ তল্লাশির জন্য স্ক্যানার বসানো হবে। ওদিকে, নাইজেরিয়াও নববর্ষের দিনে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্যানার চালু করবে। এক বিমান কর্মকর্তা একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে ২৩ বছর বয়সী নাইজেরীয় নাগরিক আব্দুলমোতালেবের বিমান ধ্বংসের চেষ্টার পর বডি স্ক্যানার ব্যবহারের পক্ষে জোর দাবি তুলেছে কংগ্রেস। এ ধরনের স্ক্যানার যাত্রীর পোশাকের নীচের দেহ তালাশ করে বুঝে নিতে সক্ষম যে শরীরের কোনও অংশে কোনও বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র লুকানো আছে কিনা। বর্তমানে বিমানবন্দরগুলোতে ব্যবহৃত মেটাল ডিটেক্টরের চেয়ে এ স্ক্যানার উন্নত প্রযুক্তির। এতে রেডিও ওয়েভ ব্যবহার করে তোলা মানুষের নগ্ন দেহের ছবিতে লুকোনো অস্ত্র বা বিস্ফোরকের অবস্থান চিহ্নিত করা হবে। তবে এই স্ক্যানার বসানোর খরচ এবং ব্যক্তির প্রাইভেসি নিয়ে বিতর্কের কারণে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। এই স্ক্যানার ব্যবহারে ব্যক্তির কোনও প্রাইভেসি থাকবে না বলে জার্মানিতে অনেকেই এটি চালুর পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেছে। পূর্ণ দেহ তল্লাশি স্ক্যানার বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের ১৯ টি বিমানবন্দরে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ এবং এগুলোর ব্যবহার ঐচ্ছিক। নেদারল্যান্ডের হেগ এ এক সাংবাদিক সম্মেলনে ডাচ স্বরাষ্ট্রমন্ত্রী গুসইয়ে টের হর্স্ট বলেছেন, "যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোর জন্য আমরা তিন সপ্তাহের মধ্যেই এ ধরনের মোট ১৫ টি স্ক্যানার চালু করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২২ ঘ.