ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- এক অবাধ্য ধূমপায়ীর কারণে চালু হওয়ার এক সপ্তাহ না যেতেই মাঝপথে থামতে হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনকে। শনিবার ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির এ ট্রেন সার্ভিস চালু করেছে চীন।
দেশটির সরকারি বার্ত সংস্থা সিনহুয়া বুধবার জানায়, বুলেট গতিতে ধাবমান ট্রেনটিতে কেউ একজন সিগারেট ধরালে অগ্নি সতর্কঘণ্টা বেজে উঠে স্টপেজ থেকে প্রায় আড়াই ঘণ্টার দুরত্বে সেটি থামতে বাধ্য হয়।
চীনারা এখন এ ট্রেনকে 'বুলেট' নামেই পরিচয় দিচ্ছে। ট্রেনটির ব্যবস্থাপক জানান, সতর্কঘণ্টা বেজে ওঠার আগেই ওই ধূমপায়ী সিগারেট ধরানোর স্থান থেকে সটকে পড়ায় তাকে ধরা যায়নি।
মধ্য চীনের উহান শহর এবং দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংঝউ পর্যন্ত চলাচল করে এ ট্রেন। উহান-গুয়াঝং রেলওয়ে গ্র"প কোঅপারেশনের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, " উহান-গুয়াঝং দ্রুতগতির ট্রেনে ধূমপান করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি টয়লেটেও ধূমপান নিষিদ্ধ। ধূমপানের ফলে সতর্কঘণ্টা বেজে ওঠে এবং এতে ট্রেনে যান্ত্রিক ত্র"টিও দেখা দিতে পারে।"
সিনহুয়া আরও জানায়, ওই অবাধ্যতার কারণে ট্রেনটি গুয়াজং এ বিলম্বে পৌঁছেছে এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে ছুটতেও সক্ষম হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৫৬ ঘ.
bdnews24