২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশকারী আমেরিকানকে গ্রেপ্তার করেছে উ. কোরিয়া

অনুপ্রবেশকারী এক আমেরিকান মানবাধিকার কর্মীকে আটক করার কথা মঙ্গলবার জানিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 08:24 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

সউল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অনুপ্রবেশকারী এক আমেরিকান মানবাধিকার কর্মীকে আটক করার কথা মঙ্গলবার জানিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় বংশোদ্ভুত রবার্ট পার্ক (২৮) শুক্রবার চীন সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বরফ জমা তুমেন নদী পার হয়ে উত্তর কোরীয় সীমানা ঢুকে পড়ে বলে তার সহকর্মীরা জানায়। উত্তর কোরিয়া প্রবেশের আগে রবার্ট রয়টার্সকে জানায়, খ্রিস্টান হিসেবে এ সফর তার কর্তব্য এবং সে উত্তর কোরীয় নেতা কিম জং-ইলের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে একটি চিঠি নিয়ে যাচ্ছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, "চীন- উত্তর কোরিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে এক আমেরিকান প্রবেশ করেছে এবং তাকে আটক করা হয়েছে। ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট সংস্থাগুলো জিজ্ঞাসাবাদ করছে।" বিস্তারিত আর কিছু জানায়নি সংবাদসংস্থাটি। উত্তর কোরিয়া সাধারণত অনুপ্রবেশকারী বিদেশিদের কারাগারে নিক্ষেপ করে করে থাকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, "আমরা প্রতিবেদনটি দেখেছি এবং তাকে যে আটক করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারছি না।" এ বিষয়ে তথ্য প্রদানের জন্য সুইডেনেকে আহ্বান জানানো হয়েছে বলে ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। কেননা উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক সম্পর্ক নেই। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বরার্টকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে উত্তর কোরিয়া। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন উত্তর কোরিয়ায় আটক দুই মার্কিন সাংবাদিককে ছাড়িয়ে আনেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪১৯ ঘ.