উরুমচি, চীন, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন চোরাচালানকৃত হেরোইনসহ ধৃত এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মঙ্গলবার বলেছেন, তিনি এ ঘটনায় 'মর্মাহত'। আকমল শেখ নামের ওই ব্যক্তির পরিবার তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করে আসছিল।
আকমল শেখের পরিবার তাকে ক্ষমা করার আবেদন জানিয়ে বলেছিলেন, সাবেক ব্যবসায়ী আকমল বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ ম্যানিক ডিপ্রেসনে ভুগছিলেন।
চীনের সুপ্রিম এ দাবি যথার্থ নয় উল্লেখ করে আবেদনটি প্রত্যাখ্যান করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আকমলকে সব ধরনের আইনি অধিকার দেওয়া হয়েছে।
ব্রাউন কঠোর ভাষায় মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছেন। এতে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠতে পারে।
এক বিবৃতিতে তিনি বলেন, "আমি তীব্র ভাষায় আকমল শেখের মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানাাচ্ছি। এবং এ ঘটনায় আমি হতাশ ও মর্মাহত কারণ তাকে ক্ষমা করতে আমাদের অনুরোধ রাখা হয়নি।"
"আমি বিশেষ করে হতাশ এ কারণে যে তার মানসিক স্বাস্থ্যের পরিমাপ করা হয়নি।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন এ বিবৃতি দিলেন তখনো চীন প্রকাশ্যে আকমলের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি ঘোষণা দেয়নি। চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানি উরুমচিতে মঙ্গলবার এ দণ্ড কার্যকর করার কথা চীনা কর্তৃপক্ষ ব্রিটেনকে জানিয়েছে বলে জানান ব্রিটিশ পরারাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৫৫ ঘ.
bdnews24