তেহরান, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে আশুরায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে সোমবার কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে বিরোধীদলের অনেকে। ইরানের বিরোধীদলীয় একটি ওয়েবসাইট একথা জানিয়েছে।
তেহরানে রোববারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত বিরোধীদলের নেতা মীরহোসেন মুসাভির ভাগ্নেকে দেখতে সমর্থকরা সোমবার হাসপাতালে ভিড় করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল জানিয়েছে, রোববারের সংঘর্ষে ইরানজুড়ে ৮ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তেহরানে ৬০ জন আহত হয়েছে।
ব্যাপক এই বিক্ষোভ-সংঘর্ষ এবং মানুষের মৃত্যুর ঘটনা ইরানে আরেকটি নতুন রক্তক্ষয়ী অধ্যায়েরই ইঙ্গিত। যেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত নিরাপত্তা বাহিনী সংস্কারপন্থি আন্দোলন কঠোর হাতে দমনের চেষ্টা চালাচ্ছে।
তেহরানে এক পশ্চিমা কূটনীতিক বলেছেন, ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা। ওই নির্বাচনের পর ইরান কর্তৃপক্ষ কঠোর হাতে বিরোধীদলের বিক্ষোভ দমন করেছিল।
ইরান কর্তৃপক্ষ চাপের মুখে থেকেও বিরোধীদলের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেনি।
রোববারের সংঘর্ষে বিরোধীদলীয় নেতা মুসাভির ভাগ্নে আলি হাবীবী মুসাভি খামেনি নিহত হন। অজ্ঞাতপরিচয় এক ঘাতক তাকে হত্যা করেছে বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।
আরেকটি বিরোধীদলীয় ওয়েবসাইট নোরোজ জানিয়েছে, মুসাভির একদল সমর্থক নিহত ভাগ্নেকে দেখতে ইবনে সিনা হাসপাতালে জড়ো হলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
ওদিকে, মধ্যপন্থি একটি ওয়েবসাইট সোমবার বলেছে, মুসাভির ভাগ্নের মৃতদেহ হাসপাতাল থেকে খোয়া গেছে। মুসাভির আরেক ভাগ্নে বলেছেন, আমরা তার দেহ না পাওয়া পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন করতে পারছি না। শেষকৃত্যানুষ্ঠানেও আরেক দফা বিক্ষোভ-সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
বিরোধীদলের জারাস ওয়েবসাইটে বলা হয়েছে, মুসাভির তিন উপদেষ্টাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ৪ জন সংস্কারপন্থি রাজনীতিবিদ গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছিল ওয়েবসাইটটি।
পুলিশ জানিয়েছে, রোববারের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাসিত বিরোধীদল মুজাহিদিন খালক সংগঠনের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ ঘ.
bdnews24