শিকাগো, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অট্টালিকার আকাশচুম্বনের ক্ষেত্রে শিগগিরই উদ্বোধন হতে যাওয়া বুর্জ দুবাই যে অন্য সবার মাথা ছাড়িয়ে যাবে তাতে সন্দেহ নেই। তবে টাওয়ারটি কতোটা উঁচু তা জানে মাত্র জনাকয়েক ব্যক্তি।
"এটা এখনো এক রহস্য।" টাওয়ারটির কাঠামোনির্মাণ বিভাগের প্রকৌশলী উইলিয়াম বেকার একথা বলেছেন।
চার জানুয়ারি ভবনটি উদ্বোধন হবে। 'স্কিডমোর, ওইয়িং এন্ড মেরিল এলএলপি' কোম্পানির প্রকোশলী বেকার উদ্বোধনের আর মাত্র কয়েক দিন বাকি থাকতে বৃহস্পতিবার বলেন, "ভবনটির নির্মাতা (ইমার প্রোপার্টিস পিজেএসসি) শুধু জানাতে বলেছেন, এর উচ্চতা ৮০০ মিটারেরও (২,৬২৫ ফুট) বেশি। এই প্রকল্পের রহস্যের অংশ এটি।"
তিনি বলেন, স্থপতিরা ভাবছেন, কেউ হয়তো এগিয়ে এসে দীঘল টাওয়ারটির ছায়া মেপে এর উচ্চতা বের করার চেষ্টা করবেন।
শিকাগোভিত্তিক স্কিডমোর অতিকায় লম্বা টাওয়ারটিকে দাঁড় করিয়ে রাখতে এর কাঠামোগত ভিতের উন্নয়ন ঘটিয়েছে যা দেখতে ইংরেজি অক্ষর 'ওয়াই'র মতো। স্কিডমোরেরই করা শিকাগোর 'উইলস টাওয়ার' থেকে বুর্জ দুবাই প্রায় দ্বিগুণ লম্বা।
শিয়ার্স টাওয়ার নামে পরিচিত উইলস টাওয়ার ৩৫ বছরের পুরনো। একসময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। এখন এটি নেমে যাচ্ছে পাঁচ নম্বরে। বর্তমানে সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত তাইপের 'ওয়ান জিরো ওয়ান' ভবনটি স্বভাবতই নেমে আসছে দ্বিতীয় স্থানে।
বিশ্বের বর্তমানের শীর্ষ দশটি উঁচু ভবনের সাতটিই এশিয়াতে যেগুলো মাথা তুলেছে গত ১৩ বছরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৩০ ঘ.
bdnews24