২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থে কি বিকোয় ভালবাসা?

'ভালবাসা' আর 'ভাল বাসা'র মধ্যে যে দুস্তর ফারাক তা জানে সবাই। অর্থ দিয়ে দ্বিতীয়টি পাওয়া গেলেও প্রথমটি যে পাওয়া যায় না তা মানতে দ্বিধা নেই বেশিরভাগ বাঙালির। কিন্তু এ মহাদেশেরই অন্যপ্রান্তে ভালবাসা কেনার পরীক্ষায় অবতীর্ণ একদল কোটিপতি। জানাচ্ছেন কাজী শাহরিন হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বেইজিং, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গত তিন দশক ধরে চীনের অর্থনীতি ফুলে-ফেঁপে ওঠার সঙ্গে বেড়েছে কোটিপতি চীনাদের সংখ্যা। কিন্তু এই কোটিপতিরা খুঁজে পাচ্ছেন না মনমতো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। এই 'নিঃসঙ্গ' কোটিপতিদের একাকিত্ব দূর করতে বেইজিংয়ের গড়ে উঠেছে বিভিন্ন 'ম্যাচ মেকিং ক্লাব'। ক্লাবগুলো বিভিন্ন পার্টি ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে থাকে যাতে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার উদ্দেশ্যে অংশ নেন কোটিপতিরা। গত রোববার এমনই একটি ম্যাচ মেকিং ক্লাব 'গোল্ডেন ব্যাচেলার্স' আয়োজন করা হয় যা ছিল বেইজিংয়ের সবচেয়ে ব্যয়বহুল পার্টি। এর টিকেটের মূল্য ছিল এক লাখ ইউয়ান (১৪ হাজার ৬৫০ ডলার)। এতে ক্লাবের নিবন্ধিত সদস্য ২১ জন পুরুষ ও ২২ জন নারী অংশ নেন। গোল্ডেন ব্যাচেলার্স'র মিডিয়া ডিরেক্টর জিয়াও পু বলেন, কোটিপতিদের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া একটু কঠিন কারণ জীবনের প্রথম অংশে তারা অনেক বেশি ক্যারিয়ারমুখী হয়ে থাকেন। তাই তারা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ব্যক্তিত্ব, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক গঠন, আয়ের পরিমাণ আর পারিবারিক পরিবেশ অনুযায়ী উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে পেতে আমাদের সাহায্য নেন। স্বপ্নের পুরুষের খোঁজে পার্টিতে অংশ নেয়া ২২ জন নারীর কেউ কেউ এই ক্লাবের নিবন্ধিত সদস্য, আর বাকিদের পার্টিতে বিনামূল্যে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। কেউ আবার এই প্রতিষ্ঠানের আয়োজনে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় পার্টির টিকিট জিতে এতে অংশ নেন। পার্টিতে অংশ নেয়া নানজিং আর্ট ইউনিভার্সিটির ছাত্রী দাই বলেন, যে কোনো মেয়েরই নিজের জীবনে সুখ খুঁজে নেওয়ার অধিকার রয়েছে। প্রেমে পড়ার ক্ষেত্রে যেসব সমস্যা তৈরি হয় আমি তার থেকে দূরে থাকতে চাই। চীনের একটি সংবাদপত্র জানায়, পার্টিতে জাঁকজমক বল গাউন পরে তন্বীরা বিভিন্ন প্রতিযোগিতায় নেচে-গেয়ে, এমনকি রান্না করেও উপস্থিত পুরুষদের মন জয় করার চেষ্টা করেন। চীনে বাণিজ্য সম্পর্কিত হুরুন রিপোর্টসের ২০০৯ সালে একটি প্রতিবেদনে বলা হয়, চীনের কোটিপতিদের সংখ্যা বর্তমানে ১৩০ জন ছাড়িয়েছে। শুধু বেইজিংয়ে নয়, সাংহাই ও শেনঝেনেও এমন ম্যাচ মেকিং ক্লাব গড়ে উঠেছে। জিয়াও পু জানান, ব্যয়বহুল এই পার্টির মূল উদ্দেশ্য সফল হওয়ায় তিনি অত্যন্ত খুশি। এই পার্টিতে অংশ নেয়া প্রায় ৮০ শতাংশ জুটি পরের দিনই প্রতিষ্ঠানটির আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/১৬৪৫ ঘ.