লন্ডন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মশার প্রজনন প্রক্রিয়ায় কিছু 'অনধিকার চর্চা' করা হলে ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচা যেতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
একটি গবেষণায় দেখা যায়, আফ্রিকার বিভিন্ন দেশে ম্যালেরিয়া ছড়ানোর জন্য দায়ী 'অ্যানোফিলিস গাম্বিয়া' প্রজাতির মশা তার পুরো জীবনকালে মাত্র একবার মিলিত হয়, তাই এদের প্রজনন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারলে এদের বংশবৃদ্ধি করার ক্ষমতা নাটকীয়ভাবে কমে যাবে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা মশার প্রজনন প্রক্রিয়ায় 'মেটিং প্লাগ' নামের একটি উপদানের অস্তিত্ব খুঁজে পেয়েছেন যা পুরুষ মশারা নিজের বীর্য নারী মশার ভিতরে সঠিক স্থানে পাঠিয়ে তা স্ত্রী মশার ডিমের সঙ্গে মেশার ব্যাপারটি নিশ্চিত করার জন্য ব্যবহার করে।
পিএলওএস বায়োলজি জার্নালে লেখা এই গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, মেটিং প্লাগ ছাড়া এদের পক্ষে বীর্য সঠিকভাবে স্থাপন করা সম্ভব হবে না, ফলে প্রজনন ব্যাহত হবে।
ইম্পেরিয়াল কলেজের লাইফ সায়েন্স বিভাগের ফ্লামিনা কাত্তেরুসসিয়া বলেন, মেটিং প্লাগ স্ত্রী মশাকে নিজের ভেতরে সঠিকভাবে বীর্য সংরক্ষণ করতে সাহায্য করে যা থেকে সে সফলভাবে প্রজনন করতে পারে।
তিনি বলেন, এই মেটিং প্লাগটি সরিয়ে ফেললে বা অকেজো করে ফেললে তাদের প্রজনন প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়বে যা থেকে অ্যানোফিলিস গাম্বিয়া মশার সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। এতে ম্যালেরিয়া রোগ ছড়িয়ে পড়াও কমে আসবে।
পৃথিবীর প্রায় ৪০ শতাংশ মানুষ মশাবাহিত প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছে। প্রতিবছর সারা বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ ম্যালেরিয়ায় মারা যায়।
পৃথিবীর মোট শিশু মৃত্যুর ৯০ শতাংশের কারণ ম্যালেরিয়া এবং এই শিশুদের বসবাস আফ্রিকার সাহারা অঞ্চলীয় দেশগুলো এবং এশিয়ার কয়েকটি অংশে।
কাত্তেরুসসিয়ার দল পুরুষ মশার মেটিং প্লাগের উপাদানগুলো বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, পুরুষ মশার বীর্য তরলের মধ্যে 'ট্রান্সগ্লুটামিনেজ' নামের একটি এনজাইমের সঙ্গে প্রোটিন মিশে এই উপদানটি তৈরি হয়। এই সময় তরল উপাদান একটি জেলাটিন জাতীয় শক্ত বস্তুতে পরিণত হয়ে এই প্লাগটি সৃষ্টি করে।
গবেষকরা পরীক্ষাগারে পুরুষ মশার দেহ থেকে এনজাইমটি সরিয়ে নেয়ার পরে 'মেটিং প্লাগ' নামের বস্তুটি আর তৈরি হতে পারেনি, যার ফলে প্রজনন প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়ে।
কাত্তেরুসসিয়া প্রতিবেদনে বলেন, পরীক্ষাগারের বাইরে ব্যবহারের জন্য কীটনাশক হিসেবে এই প্রক্রিয়াটি প্রস্তুত করা গেলে তা মশার বংশবৃদ্ধি বন্ধ করে দেবে যা ম্যালেরিয়ার বিরুদ্ধে আরেকটি অস্ত্র হয়ে উঠতে পারে।
ম্যালেরিয়ার বিরুদ্ধে বহুমুখী লড়াইয়ের বিভিন্ন উপায় সব সময়েই খুঁজছেন স্বাস্থ্য গবেষকরা। এমনকি কীটনাশক আর মশারির ব্যবহারও এর বাইরে নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে জানিয়েছে প্রাণঘাতী এই রোগের প্রতিরোধে গবেষণা ও অন্যান্য ব্যবস্থা নিতে তহবিল বাড়ানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/১৬১১ ঘ.
bdnews24