ইয়াঙ্গুন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি করতে সোমবার সম্মতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত আগস্টে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়ানো হয়।
তবে সুপ্রিম কোর্ট শুনানির কোনো তারিখ ধার্য করেনি। সু চির আইনজীবী নিয়ান উইন অবশ্য বলেছেন, এক মাসের মধ্যে মামলাটি তিনি আদালতে উপস্থাপনের আশা করছেন।
একজন আমেরিকান ইয়াঙ্গুনের একটি হৃদের পাশে সু চির বাড়িতে অনুপ্রবেশ করে দু'রাত অবস্থান করায় আগস্টে দেশটির একটি আদালত সু চিকে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের দায়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেয়। তবে কয়েক দিন পরেই ওই দণ্ড কমিয়ে তার গৃহবন্দিত্ব আরও ১৮ মাস বাড়ানো হয়।
সু চি গত ২০ বছরের মধ্যে ১৪ বছরই কোনো না কোনো ধরনের আটকাবস্থায় কাটিয়েছেন।
তার আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন, ১৯৭৪ সালের সংবিধানের আইনের আওতায় সু চিকে সর্বশেষ দণ্ড দেওয়া হয়েছে। কিন্তু ওই সংবিধান গত বছর পরিবর্তিত হয়েছে। তাই এই দণ্ড প্রযোজ্য হতে পারে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২৯ ঘ.
bdnews24