ওয়ারশ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পোল্যান্ডের পুলিশ নাৎসি মৃত্যুশিবির আউশবিৎজ এর প্রবেশ পথের চুরি যাওয়া ধাতব ফলকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। চুরির ঘটনায় পাঁচ সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার একথা জানায়।
"আরবিত মাচৎ ফ্রিই" (কাজ তোমাকে মুক্তি দেয়) লেখা ফলকটি চুরি হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। টেলিভিশন জানায়, শুক্রবার ফলকটি চুরির পর তিন টুকরো করে ফেলা হয়েছে।
আটক পাঁচ ব্যক্তির বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের দক্ষিণাঞ্চলীয় শহর কারকাও-য়ে একটি থানায় স্থানান্তর করা হয়েছে।
তবে টেলিভিশন প্রতিবেদনের ব্যাপারে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। চুরির উদ্দেশ্য সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্থাপিত নাৎসি বন্দিশিবিরটিতে প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই ছিল ইহুদি। বন্দিদের সেখানে নিয়ে আসার পর যে ছোট লোহার ফটকটি দিয়ে তাদের শিবিরে প্রবেশ করানো হতো, তার উপরে ওই ফলকে জার্মান ভাষায় লেখা ছিল বাণীটি।
ওই বাণীর মাধ্যমে শিবিরে ঢোকার মুখে বন্দিদের মনে মিথ্যা নিরাপত্তা বোধ জাগানোর চেষ্টা করে নাৎসিরা পরে তাদের হত্যা করত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পাঁচশ একরেরও বড় শিবিরটি জাদুঘরে রূপান্তরিত হয়।
পোলিশ কর্তৃপক্ষ ফলকটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টায় নামে এবং এটি উদ্ধারে তথ্য দেওয়ার বিনিময়ে প্রায় ৪০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫০০ ঘ.
bdnews24