ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে কিউবার গুয়ানতানামো বে বন্দিশিবিরের ৬ ইয়েমেনি বন্দিকে দেশে পাঠানোর পরিকল্পনা করেছে। এর মধ্য দিয়ে ওই শিবিরের আরও বন্দিকে দেশে পাঠানোর ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা শুক্রবারের সংখ্যায় একথা জানিয়েছে।
অজ্ঞাতপরিচয় সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ইয়েমেনে সিআইএ'র উপপরিচালক স্টিফেন ক্যাপস এর সফর এবং দু'দেশের কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠকের পর বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। সিআইএ পত্রিকাটিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
গুয়ানতানামো বে বন্দিশিবিরে ইয়েমেনি বন্দি আছে সবচেয়ে বেশি। ২১০ বন্দির মধ্যে ৯৭ জনই ইয়েমেনি।
সমালোচকরা বলছেন, ইয়েমেনি বন্দি মুক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করবে। কারণ, ইয়েমেন ওই সব বন্দির ওপর কার্যকরভাবে নজর রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
রিপাবলিকান কংগ্রেস সদস্য ফ্রাঙ্ক উল্ফ ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেন, "আমার ধারণা, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে। এতে আমেরিকায় জীবনহানি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24