কোপেনহেগেন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১০ হাজার কোটি ডলার জলবায়ু তহবিল গঠনের প্রস্তাব সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। (আরও তথ্যসহ)
চুক্তিতে পৌঁছার শেষ চেষ্টায় বিশ্ব নেতারা সম্মেলনে সমবেত হওয়া এবং জলবায়ু তহবিলে যুক্তরাষ্ট্রের এ সমর্থনের পর বৃহস্পতিবার আবার নবোদ্যমে শুরু হয় জাতিসংঘ জলবায়ু আলোচনা।
সম্মেলনের আয়োজক দেশ ডেনমার্ক বৃহস্পতিবার আলোচনায় অচলাবস্থা নিরসনে নতুন একটি বিতর্কিত খসড়া বিষয়বস্তু প্রস্তাবের পরিকল্পনা বাতিল করার পর মন্ত্রীরা কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এদিকে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ে সহায়তা করতে অন্যান্য দেশের সঙ্গে একযোগে ২০২০ সাল নাগাদ বছরে ১০ হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার জন্য কাজ করে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।"
উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্ততপক্ষে ১০ হাজার কোটি ডলার সাহয্যের দাবি জানিয়ে আসছিল। বুধবার আফ্রিকান দেশগুলোর গ্র"পের প্রধান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাওয়ি ১০ হাজার কোটি ডলার তহবিল সরবরাহের পক্ষে মত দেন।
ইউরোপীয় ইউনিয়ন বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৫ হাজার কোটি ডলার তহবিল সরবরাহের প্রস্তাব করেছে।
বৃহস্পতিবারই এর আগে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপ নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বনিবনা না হওয়ায় সম্মেলনে জোরদার কোনও জলবায়ু চুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে।
মন্ত্রীরা বিশ্ব নেতাদের সইয়ের জন্য একটি সর্বসম্মত বিষয়বস্তুতে উপনীত হওয়ার জন্য লড়ে যাচ্ছেন। কারণ কার্বন নির্গমন হ্রাসে শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর যোগ দেওয়ার মাত্রা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়নি।
আগ্রগতি ত্বরান্বিত করতে আলোচনা ছোট ছোট দলে ভাগ করে দেওয়ার ডেনিশ প্রস্তাব চীন ও দরিদ্র দেশগুলোর বিরোধিতার কারণে ভেস্তে যায়। আলোচনা কিভাবে করা হবে তা নিয়ে বুধবার রাতভর কোনও অগ্রগতি হয়নি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র।
জার্মানির পরিবেশমন্ত্রী নরবার্ট রোয়েটেন রয়টার্সকে বলেন, "আমরা মারাত্মক পরিস্থিতিতে পড়েছি।"
ইউরোপের পরিবেশ মন্ত্রীরা বলেছেন, "আলোচনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।"
তবে সম্মেলনের সামগ্রিক চিত্র ম্রিয়মান হলেও জলবায়ু চুক্তির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
আফ্রিকা নাটকীয়ভাবে ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা পাওয়ার ব্যাপারে অতি উচ্চাশা বাদ দিয়েছে।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে জাপান। আগামী ২০১২ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাকিহিতো ওজাওয়া।
অন্যদিকে, জলবায়ু তহবিল নিয়ে মতৈক্য অন্যান্য আরও গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানের পথ প্রশস্ত করতে পারে বলেও মনে করা হচ্ছে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লকে রাসমুসেন বলেছেন, " আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। কীভাবে অগ্রসর হব সে ব্যাপারে একমত হয়েছি। এখন আমরা প্রত্যাশিত চুক্তির পথে বাড়তি পদক্ষেপ নেওয়ার জন্য সব পক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৯ ঘ.
bdnews24