২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি আদালতের রায়ে প্রশ্নের মুখে জারদারির ভবিষ্যৎ

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার বেশ কিছু সহযোগীকে ক্ষমা করার অতীতের সিদ্ধান্ত বুধবার সর্বোচ্চ আদালত বাতিল করে দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে জারদারির ভবিষ্যৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার বেশ কিছু সহযোগীকে ক্ষমা করার অতীতের সিদ্ধান্ত বুধবার সর্বোচ্চ আদালত বাতিল করে দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে জারদারির ভবিষ্যৎ। প্রেসিডেন্ট থাকাকলীন জারদারির বিচারমুক্তিতা থাকছে কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। ২০০৮ সালে তার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনকে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে--এমন সম্ভাবনা আছে। বিরোধীরা ইতোমধ্যেই নৈতিক কারণে জারদারির পদত্যাগ দাবি করেছে। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) পার্টি খাজা মোহাম্মদ আসিফ বলেন, "তার নিজের, দলের এবং সিস্টেমের স্বার্থেই পদত্যাগ করা উচিত। তিনি এ পদে তার পার্টির যে কোনও সদস্যকেই নির্বাচিত করতে পারেন।" কিন্তু জারদারির মুখপাত্র ফরহাতউল্লাহ বাবর বলেছেন, সে প্রশ্ন নেই। তিনি বলেন, "ক্ষমতাসীন পাকিস্তান পিপল পার্টি (পিপিপি) আদালতের সিদ্ধান্তকে সম্মান করে। কিন্তু প্রেসিডেন্টের পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।" এর মধ্য দিয়ে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের আশঙ্কা, রাজনৈতিক অশান্তির কারণে সরকার তালেবান দমন অভিযান থেকে নজর ফেরাতে পারে। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২০০৭ সালে এই ক্ষমার বিধান ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে আমেরিকাপন্থি প্রেসিডেন্ট জারদারি চাপের মুখে পড়লেন যদিও প্রেসিডেন্ট হিসেবে বিচার থেকে তার রক্ষা পাওয়ার অধিকার রয়েছে। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী আদালতে বলেন, এই রুল জারির ফলে ক্ষমার আওতায় স্থগিত হয়ে যাওয়া অতীতের সব মামলা পুনরুজ্জীবিত হবে। এসব মামলার বেশিরভাগই দুর্নীতির। আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, "পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অতীতেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, ভবিষ্যতেও করতে সক্ষম। পিপিপি এ ঘটনায় ভীত নয়, এর নেতারা ভীত নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৩০৭ ঘ.