মুম্বাই, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরে ন্যানো গাড়ি তৈরির কারখানা স্থাপনের জন্য ভারতের টাটা মোটর্স কোম্পানিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের সবচেয়ে কমদামি গাড়িটি স্থানীয় বাজারসহ আশেপাশে দেশে বাজারজাতের পরিকল্পনা করছে আফ্রিকার দেশটি।
বৃহস্পতিবার মিন্ট নামের একটি পত্রিকা এতথ্য জানিয়েছে।
মুম্বাইয়ের পত্রিকাটি ভারতে মিসরের রাষ্ট্রদূত মোহাম্মদ হিগাজিকে উদ্ধৃত করে জানায়, "মিসরে বামপার্শ্বে চালিত ন্যানো গাড়ি তৈরির জন্য টাটার সম্মতি চাওয়া হয়েছে। ন্যানোর বিশাল বাজার শুধু মিসরেই নয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপেও তা রপ্তানি করা যাবে।"
হিগজে পত্রিকাটিকে বলেন, টাটা ন্যানো তৈরির প্রথম ধাপ শেষে প্রস্তাবটি বিবেচনা করে দেখতে রাজি হয়েছে।
এ বছরের মার্চ থেকে ভারতে বাজারজাত শুরুর পর টাটা আশা করছে, ২০১১ সালের মধ্যে ইউরোপে এবং তারপর যুক্তরাষ্ট্রের বাজারে ন্যানো নিয়ে ঢুকবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৫ ঘ.
bdnews24