কাবুল, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কাবুলের মেয়রের পক্ষে মঙ্গলবার সাফাই গেয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তার এ পদক্ষেপ আফগানিস্তানে দুর্নীতি নিয়ে ইতোমধ্যেই বিরক্ত পশ্চিমাদের ক্ষুব্ধ করবে বলে মনে করা হচ্ছে।
কারজাইয়ের নিয়োগ দেওয়া কাবুলের মেয়র আব্দুল আহাদ সায়েবিকে গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে ৪ বছরের জেল দেওয়া হয়। আফগানিস্তানে কয়েক বছরের মধ্যে কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এটিই প্রথম মামলা।
মঙ্গলবার দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত তিনদিন ব্যাপী এক কনফারেন্সে সামনের দিকের একটি আসনে উপবিষ্ট আহাদকে দেখিয়ে কারজাই বলেন, "আমি খুবই সতর্কতার সঙ্গে বলতে চাই, কাবুলের মেয়রকে ৪ বছরের জেল দেওয়া হয়েছে। আমি মেয়রকে জানি। তিনি পরিচ্ছন্ন মানুষ। আমি তাকে চিনি।"
কারজাই বলেন, শত্র"রা তাকে টার্গেট করেছে। কারণ, তিনি তাদেরকে সরকারি জমি দিতে চাননি। প্রধান বিচারপতি এবং এটর্নি জেনারেলের কাছে এ মামলা খতিয়ে দেখার দাবি জানান কারজাই।
২০ আগস্টের ভোটে জাল ভোটের অভিযোগ মাথায় নিয়ে কারজাই ২য় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা বিশ্ব।
দুর্নীতিবিরোধী বক্তব্যে কারজাই সরকারে দুই, এক বছর কাজ করেই ধনী হয়ে যাওয়া এবং দুবাইয়ে বাড়ি কেনা কর্মকর্তাদের সমালোচনা করেন। কিন্তু একইসঙ্গে তিনি দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ক্ষমতার অপপ্রয়োগের বিরুদ্ধেও কথা বলেন।
তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। অত্যন্ত সতর্ক হতে হবে। যাতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাই দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৪ ঘ.
bdnews24