রামাল্লাহ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার শর্ত দিয়ে বলেছেন, ইসরায়েল ইহুদি বসতিস্থাপন বন্ধ করলে এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধপূর্ব সীমানাকে ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হিসাবে স্বীকৃতি দিলে তিনি বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা শুরু করবেন।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে ভাষণদানকালে আব্বাস বলেন, তিনি ইসরায়েলের বিরুদ্ধে আবারও সহিংসতায় ফিরে যাওয়াকে সমর্থন করবেন না।
তিনি বলেন, "ইসরায়েল একটি নির্দিষ্ট সময়ের জন্য বসতিস্থাপন বন্ধ করলে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত সীমানা মেনে নিলে আলোচনার সব বাধাই দূর হয়ে যাবে এবং অ্যানাপোলিস সম্মেলনের চুক্তি অনুযায়ী তা সম্পন্ন করা যাবে।"
সহিংসতার ব্যাপারে আব্বাস বলেন, "সহিংসতায় ফিরে যাওয়া? আমি তা মেনে নেব না।"
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে থাকা আব্বাস আরও বলেন, তিনি শর্ত দিচ্ছেন না বরং আলোচনার জন্য রোডম্যাপ শান্তিচুক্তির আওতায় ইসরায়েলের বাধ্যবাধকতার বিষয়গুলোই তিনি পুনর্ব্যক্ত করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৮ ঘ.
bdnews24