২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বিরোধ নিরসনের চেষ্টায় রোববার আফগানিস্তান সফরে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

কান্দাহার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বিরোধ নিরসনের চেষ্টায় রোববার আফগানিস্তান সফরে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। আফগান যুদ্ধ দিন দিন জনপ্রিয়তা হারানোয় এবং প্রাণঘাতী হয়ে ওঠায় কারজাইয়ের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে। কান্দাহার বিমান ঘাঁটি আকস্মিক পরিদর্শনে যান ব্রাউন। এটি দক্ষিণ আফগানিস্তানে ন্যাটো সেনাদের সদরদপ্তর। আফগান যুদ্ধের আগামী কয়েকমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। বিমান ঘাঁটিতে কারজাইয়ের সঙ্গে একত্মতার নিদর্শনস্বরূপ একযোগে আফগান-ন্যাটো সেনাদের প্যারেড অবলোকন করেন ব্রাউন। একইসঙ্গে দুয়ের উষ্ণ সম্পর্ক অক্ষুন্ন রাখার ওপরও জোর দেন তারা। কারজাই গত সপ্তাহে ব্রাউন সম্পর্কে যে কড়া মন্তব্য করেছেন সে সম্পর্কে সাংবাতিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি তাকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসাবেই দেখছি। তাকে বন্ধু বলতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।" ওদিকে, ব্রাউনও বলেন, দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভাল এবং দুজনের মধ্যে প্রতিনিয়তই টেলিফোনে কথা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৬ ঘ.