কোপেনহেগেন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব উষ্ণায়ন রোধে কঠোর চুক্তির দাবিতে কোপেনহেগেনে বিক্ষোভরত প্রায় ১ হাজার জনকে শনিবার আটক করেছে পুলিশ।
বিশ্ব জলবায়ু সম্মেলন চলার সময় হাজার হাজার মানুষ ওই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা এক পর্যায়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং আগুন দিলে পুলিশ দমনাভিযান চালায়।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র শনিবার রাতে রয়টার্সকে জানান, এ পর্যন্ত ৯৬৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তাদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া ডেনমার্কের মন্ত্রী কনি হেগার্ড বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন করলেও সহিংসতার নিন্দা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪৫ ঘ.
bdnews24