নিউ ইয়র্ক, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ জীবন পেতে হলে ধনী প্রতিবেশী বেছে নিন। অন্তত যুক্তরাষ্ট্রের এক গবেষণা সে কথাই বলছে।
ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের এক দল গবেষক বলছেন, প্রতিবেশীরা ধনী- এমন ব্যক্তি গরিব প্রতিবেশীদের সঙ্গে থাকা ব্যক্তির চেয়ে দীর্ঘায়ু হন।
আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চ (এএসিআর)'র এক সম্মেলনে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
ইউনিভার্সিটি অব মাসাচুসেটস মেডিকেল স্কুলের সহকারী অধ্যাপক ড. চুকে দুবেনি ও তার সহযোগীরা যুক্তরাষ্ট্রের ৫ লাখ ৬৫ হাজারের বেশি মধ্য বয়সী এবং বৃদ্ধদের ওপর ১০ বছর ধরে এ গবেষণা চালান।
দুবেনি রয়টার্সকে বলেন, "আর্থ সামাজিকভাবে বঞ্চিত- এমন প্রতিবেশীদের সঙ্গে থাকলে যে কোনো কারণ বা ক্যানসারে মুত্যৃর হার বেশি থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো যে খাবার গ্রহণের ধরণ এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিকে আমলে নিলেও এ পার্থক্যটা ঠিকই থাকে।"
বিশ্ববিদ্যালয়ের ডাইভারসিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রভোস্ট আরো বলেন, "আমরা আশা করছি, একবার যদি এ জীবনযাপন পদ্ধতি এবং বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এ পার্থক্য দূর করা যাবে। তবে আমরা অবাক হয়েছি এটা দেখে যে ধুমপান, ডায়েট, শরীর চর্চা এবং স্বাস্থ্য ঝুঁকির মতো জীবনযাপন পদ্ধতির বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করলেও পার্থক্যটা থেকেই যায়।"
যাদের ওপর গবেষণা করা হয়েছে তাদের মধ্যে নিুবিত্ত এলাকায় বসবাসকারী অধিকাংশ প্রাপ্তবয়স্কদের অসুস্থতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অতিরিক্ত ওজনের সমস্যা ছিল। তবে এসব বিষয় ও অন্যান্য ঝুঁকিকে গুরুত্ব দেওয়া হলেও দেখা যায়, কোনো এলাকায় বঞ্চনার হার বাড়লে সে এলাকায় মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়।
১০ বছর ধরে গবেষণাটি পরিচালনাকালে অপেক্ষাকৃত কম বঞ্চিত প্রতিবেশীর চেয়ে অপেক্ষাকৃত বেশি বঞ্চিত প্রতিবেশী যাদের তাদের মৃত্যুর ঝুঁকি ২২ শতাংশ বেশি ছিল।
দুবেনি বলেন, "এটি জনস্বাস্থ্য বিষয়ক একটি ইস্যু। যাদের প্রতিবেশী দরিদ্র তাদের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত আমাদের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24