সউল, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়াকে পরমাণু আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টায় মঙ্গলবার পিয়ংইয়ংয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম দূত স্টেফেন বোসওয়ার্থ।
উত্তর কোরিয়া একবছর আগে ছয়জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পরিহার করেছে। সফরকালে উত্তর কোরিয়াকে নতুন কোনও সুযোগ-সুবিধার প্রস্তাব দেওয়া ছাড়াই তাদেরকে আলোচনায় ফেরানোর চেষ্টা নেবেন বোসওয়ার্থ।
তিন দিনের এ সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল বাদে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বোসওয়ার্থের।
এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়া ৪ বছর আগে ব্যাপক ত্রাণ ও নিরাপত্তা সহায়তার বিনিময়ে পরমাণু অস্ত্রভান্ডার গড়া বাদ দেওয়ার যে প্রতিশ্র"তি দিয়েছিল তা সত্যিই পূরণ করতে এবং আলোচনায় ফিরতে চায় কিনা--- সেটি সফরকালে যাচাই করে দেখতে চান বোসওয়ার্থ।
উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, বোসওয়ার্থ সউলের কাছে একটি বিমানঘাঁটি থেকে বিমানে চড়ে পিয়ংইয়ং এর উপকণ্ঠের একটি বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে অক্টোবরে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও উত্তর কোরিয়া সফরে গেলে দেশটির নেতা পরমাণু ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬০৮ ঘ.
bdnews24