রোম, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোমে প্রধানমন্ত্রী বার্লুসকোনির পদত্যাগের দাবিতে শনিবার রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার ইতালীয়। দুর্নীতির অভিযোগে তারা বার্লুসকেনি "পদত্যাগ করো" পদত্যাগ করো" শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।
'নো বি ডে' নামের ওই বিক্ষোভ ইতালির তৃণমূল সংগঠনগুলো আয়োজন করেছে। এর আগে রোমের এ বিক্ষোভে যোগ দেওয়ার জন্য তারা ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক সাইটের মাধ্যমে জনগণকে আহ্বান জানায়।
রাজধানী রোমের প্রধান রেল স্টেশন থেকে সেন্ট জনস ব্যাসিলিকার মধ্যে কয়েক কিলোমিটার পর্যন্তবিক্ষোভ মিছিল করে তারা। এসময় তারা "বার্লুসকোনির জেল চাই" শ্লোগান দেয়।
পুলিশ জানিয়েছে, প্রায় ৯০ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছে। তবে আয়োজকরা জানিয়েছে, নোবেল বিজয়ী দারিও ফো, অভিনেতা, লেখকসহ আরও অনেক বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছে।
বিরোধী দল 'ইতালি অফ ভ্যালুস' পার্টির প্রধান ও সাবেক দুর্নীতি বিরোধী ম্যাজিস্ট্রেট অ্যান্তোনিও ডি পিয়েত্রো বলেন, "এটি গণতন্ত্র প্রতিষ্ঠার দিন এবং এমন একটি দিন যা দেখিয়ে দিয়েছে বিকল্প প্রতিষ্ঠায় এবং বার্লুসকোনিকে বিদায় জানাতে জনগণ এক হতে পারে।"
তিনি আরও বলেন, "বার্লুসকোনিকে বিদায় নিতে হবে-- এ বার্তা নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও লোক জড়ো হয়েছে। বার্লুসকোনির সঙ্গে সাধারণ নাগরিকদের মতো আচরণ করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে।"
অক্টোবরে বিচার থেকে অব্যাহতি পাওয়ার আইন বাতিল হয়ে যাওয়ার পর দুর্নীতির দায়ে বেশ কয়েকবার বিচারের মুখোমুখি হয়েছেন বার্লুসকোনি। ইতালির সর্বোচ্চ আদালত বার্লুসকোনি সরকারের পাস করা ওই আইন অসাংবিধানিক বলে রায় দিলে আইনটি বাতিল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৬ ঘ.
bdnews24