২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০৯

রাশিয়ার উরাল অঞ্চলে একটি নাইটক্লাবে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় শতাধিক আহতও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

পার্ম (রাশিয়া), ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার উরাল অঞ্চলে একটি নাইটক্লাবে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় শতাধিক আহতও হয়েছে। উরাল পর্বতমালার পাদদেশে অবস্থিত পার্ম শহরের লেম হর্স ক্লাবটিতে স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ক্লাবটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন লাগে বলে কর্তৃপক্ষ জানায়। ওই সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদদলিত হয়ে মারা যান অনেকে। ক্লাবটির একমাত্র বহির্গমন পথ দিয়ে বের হওয়ার সময় ওই ঘটনা ঘটে। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, আহতদের বেশ কয়েকজনকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এছাগড়া গুরুতর আহতদের মস্কোর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনা স্মরণে ৭ ডিসেম্বর জাতীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ। ক্লাবটির মালিকে এ ঘটনার জন্য কঠোর শাস্তিরও নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে গত শুক্রবার চেচেন ইসলামি জঙ্গিরা একটি ট্রেনে বোমা হামলা চালালে ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়। ওই বোমা হামলার পর রাশিয়ায় এ ধরনের আরো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে রুশ কর্মকর্তারা বলছেন, নৈশক্লাবের এ হামলার সঙ্গে ট্রেন হামলার কোনো যোগসূত্র নেই। এটি নিছক একটি দুর্ঘটনা। পার্মের গভর্নর ওলেগ চিরকুনোভ বলেন, "এটি সন্ত্রাসী হামলা বলে আমাদের মনে হচ্ছে না।" গোয়েন্দারাও বলছেন, এটা বোমা হামলা নয় বলেই তাদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৩২১ ঘ.