২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি হামলায় সৈন্য নিহত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি সেনা চৌকিতে জঙ্গি হামলায় এক সৈন্য নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ওয়ানা (পাকিস্তান), ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি সেনা চৌকিতে জঙ্গি হামলায় এক সৈন্য নিহত হয়েছে। প্রায় ৪০ জন জঙ্গি শুক্রবার রাতে এ হামলা চালায় বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। পাল্টা হামলায় ছয় জঙ্গিও নিহত হয় বলে দাবি করেন তিনি। পাকিস্তানের সেনা সদর দপ্তরের কাছে এক মসজিদে হামলায় ৪০ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটলো। নাম প্রকাশ না করার শর্তে ওই অঞ্চলে নিয়োজিত এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "৩০ থেকে ৪০ জন জঙ্গি প্রথমে চৌকি লক্ষ করে রকেট এবং গ্রেনেড ছোড়ে এবং পরে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালালে এক সেনা নিহত হয়। "তবে আমরা তাদের ওপর পাল্টা হামলা চালালে ছয় জঙ্গিও নিহত হয়", বলেন তিনি। এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যের ওই লড়াইয়ের সময় জঙ্গিদের অবস্থান লক্ষ করে হেলিকপ্টার থেকেও হামলা চালানো হয়। এদিকে শনিবার উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি রেস্তোরাঁর কাছে বোমা হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা রউফ খান বলেন, কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) এর সামনে ওই বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানের তালেবান ঘাঁটিগুলোতে বড় ধরনের অভিযান শুরু করায় জঙ্গিরা দেশজুড়ে হামলা জোরদার করেছে। ইতোমধ্যেই কয়েক দফা জঙ্গি হামলায় পাকিস্তানে শ শ মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৫৪৮ ঘ.