২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সচেতনতায় এভারেস্টে নেপালি মন্ত্রিসভার বৈঠক

জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরি করতে সাগরের নিচে মালদ্বীপের মন্ত্রিসভার অভিনব বৈঠকের পর এবার মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গে বৈঠক করল নেপালের মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

সায়াংবোচে, নেপাল, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরি করতে সাগরের নিচে মালদ্বীপের মন্ত্রিসভার অভিনব বৈঠকের পর এবার মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গে বৈঠক করল নেপালের মন্ত্রিসভা। শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ২০ জনেরও বেশি মন্ত্রী ভারী জ্যাকেট ও অক্সিজেন মাস্ক পরে হেলিকপ্টারে করে এভারেস্টের কালাপাহাড় বেজ ক্যাম্পে ওঠেন। সবুজ ঘাসে ছাওয়া এই বেজ ক্যাম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫, ২৪২ মিটার (১৭,২০০ ফুট) ওপরে অবস্থিত। বৈঠকের সময় সভাস্থলের ঠিক পিছনেই দেখা যায় এভারেস্ট পর্বতের চূড়া। ৭ ডিসেম্বর থেকে কোপেনহেগেনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের ঠিক আগে হিমালয় পর্বতমালার ওপর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জনসচেতনতা বাড়ানোই এ বৈঠকের উদ্দেশ্য। নজিরবিহীন এ বৈঠকের আগে নেপালের অর্থমন্ত্রী সুরেন্দ্র পান্ডে রয়টার্সকে বলেন, "বিশ্ব উষ্ণায়ন আমাদের অর্থনীতিতে ভয়ানক প্রভাব ফেলছে। বৃষ্টির ধরণ বদলে গেছে। হিমবাহ গলে পড়ছে।" কোপেনহেগেনে বিশ্বের প্রায় ১০০ জন রাষ্ট্রপ্রধান বিশ্ব উষ্ণায়ন মোকাবেলা পথ খুঁজতে সম্মেলনে যোগ দেবেন। উষ্ণতা বৃদ্ধির কারণে নেপাল যেসব সমস্যায় পড়ছে তা তুলে ধরতে বিখ্যাত কয়েকজন এভারেস্ট পর্বতারোহীকে সম্মেলনে পাঠাচ্ছে কাঠমান্ডু। হিমালয়ের হিমবাহ এশিয়ার প্রধান ১০টি নদীর উৎস। বিশ্ব উষ্ণায়নের কারণে আগামী ৫ দশকে এই নদীগুলো শুকিয়ে যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হিমালয় পর্বতমালার ১৪টি পর্বতশৃঙ্গের ৮টিই রয়েছে নেপালে। হিমবাহ গলে বন্যা, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘতর খরা ও নতুন করে দেখা দেয়া সমস্যা দাবানল প্রভৃতি নিয়ে জলবায়ু পরিবর্তনের বড় ধরনের হুমকির মুখে আছে নেপাল। যদিও বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির কারণ 'গ্রিন হাউজ গ্যাস' নির্গমনের দিক দিয়ে পিছনের সারির দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল। নেপালে এই গ্যাস নির্গমন শতকরা ১ শতাংশেরও কম। বনমন্ত্রী দীপক বোহারা বলেন, আমাদের এমন অপরাধের শাস্তি দেয়া হচ্ছে যা আমরা করিনি। উন্নত দেশগুলোকে অবশ্যই হিমালয়ের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবের ব্যাপারে সাহায্য করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪২ ঘ.