মুম্বাই, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের মুম্বাইয়ে বৃহস্পতিবার পানি সঙ্কট নিয়ে সহিংস বিক্ষোভে একজন নিহত হয়েছে। বাড়িতে বাড়িতে পানি সরবরাহ ১৫ শতাংশ কমানোর প্রতিবাদে মুখর মুম্বাইয়ের শ শ অধিবাসীর সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে কয়েকজন আহতও হয়েছে।
অধিবাসীরা পতাকা হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ করে মিউনিসিপাল কর্পোরেশন ভবনের বাইরের রাস্তা অবরোধ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
বিবিসি জানিয়েছে, পুলিশের পিটুনিতে একজন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
জুনিয়র পুলিশ কমিশনার পদ্মনাভ বলেছেন, নিহত ব্যক্তি হৃদরোগাক্রান্ত ছিল। আর যারা আহত হয়েছে তারা সামান্য চোট পেয়েছে বলেও জানান তিনি।
মুম্বাইয়ে মারাত্মক পানি স্বল্পতা দেখা দিয়েছে। এ কারণে মুম্বাইয়ের বেশিরভাগ এলাকাতেই পানি সরবরাহ ১৫ থেকে ৩০ শতাংশ কমানো হয়েছে।
এ মৌসুমে বৃষ্টিপাত কম হওয়াই পানিস্বল্পতার কারণ বলে জানিয়েছেন কর্মকর্তরা। ফলে আগামী মৌসুম পর্যন্ত পানি সরবরাহ কম রাখা হবে বলে জানিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৯ ঘ.
bdnews24