টোকিও, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ---জাপানে মার্কিন ঘাঁটি নিয়ে বিরোধে বৃহস্পতিবার ক্ষমতাসীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ছোট্ট দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা।
জাপানে ওকিনাওয়া দ্বীপের কেন্দ্রস্থল থেকে মার্কিন মেরিন ঘাঁটি সরিয়ে তা দ্বীপটির একটি প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের চাপের মুখে আছে সরকার।
কিন্তু স্যোশাল ডেমোক্র্যাট পার্টি (এসডিপি) ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি পুরোপুরি সরিয়ে নেওয়ার স্থানীয় জনগণের দাবির পক্ষে। সরকার এ মত না মানলে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন এসডিপি নেতা মিজুহো ফুকুসিমা।
পার্লামেন্টে আইন পাসে প্রয়োজনীয় সমর্থন লাভের জন্য প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামাকে স্যোশাল ডেমোক্র্যাটদের নিয়ে জোট সরকার গড়তে হয়েছে।
কিন্তু ওয়াশিংটনের সঙ্গে টোকিওর নিরাপত্তা জোটের ব্যাপারে এ দলটির মতের সঙ্গে হাতোয়ামার নিজদলের অনেকেরই মতের মিল নেই।
এসডিপি নেতা ফুকুসিমা দলের সদস্যদের বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে এগুলে "স্যোশাল ডেমোক্র্যাট পার্টি এবং আমাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।"
ওদিকে, জোট সরকারের প্রধান দল হাতোয়ামার 'ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান' বলেছে, হাতোয়ামা এসডিপি'র মত খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বছরের শেষ নাগাদ কোনও সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা তারা নেবে না।
কিন্তু হাতোয়ামার জোট সরকার ধরে রাখার এ চেষ্টায় যুক্তরাষ্ট্রের বিরক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।
হাতোয়ামা সাংবাদিকদের বলেছেন, "আমি যেমনটি বলে আসছি, তাতে আমি কখনওই বলিনি যে, এ সমস্যা এ বছরই সমাধা করতে হবে। তবে যত তাড়াতাড়ি পারা যায় বিষয়টি সুরাহা করার চেষ্টা করব আমি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24