তেগুছিগালপা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে ক্ষমতায় ফিরতে দেওয়ার বিরুদ্ধে বুধবার ভোট দিয়েছে হন্ডুরাস কংগ্রেস। এতে করে জেলায়ার ক্ষমতায় ফেরার পথ বন্ধ হল।
জুনে হন্ডুরাসের সেনাবাহিনী জেলায়াকে উৎখাত করে নির্বাসনে পাঠায়। তাকে ক্ষমতায় পুনর্বহাল করা নিয়ে দীর্ঘদিনের অচলবস্থার পর দুপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত চুক্তির আওতায় হন্ডুরাস কংগ্রেস জেলায়ার ভাগ্য নির্ধারণের পদক্ষেপ নিয়েছে।
চুক্তিতে জানুয়ারিতে জেলায়ার প্রেসিডেন্সির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে ক্ষমতায় পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার ভার কংগ্রেসের ওপর ছেড়ে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র জেলায়ার পুনর্বহাল আশা করছিল। কিন্তু হন্ডুরাসের আইনপ্রণেতারা আন্তর্জাতিক চাপ প্রতিহত করেছে। কংগ্রেসের অধিবেশনে বুধবার ১২৫ সদস্যের মধ্যে ১১১ জনই জেলায়াকে পুনর্বহালের বিপক্ষে ভোট দিয়েছে। পক্ষে পড়েছে মাত্র ১৪ ভোট।
এরপরই কংগ্রেসের বাইরে বিক্ষোভ করেছে জেলায়ার শ শ সমর্থক।
জেলায়া স্থানীয় রেডিও গ্লোবো স্টেশন থেকে বলেছেন, এ সিদ্ধান্ত সেনা অভ্যুত্থানের পক্ষে গেছে। তিনি হন্ডুরাসের অবৈধ শাসনক্ষমতা বহাল রাখার নিন্দা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24