নয়াদিল্লি, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ডেনমার্কের খসড়া প্রস্তাবে ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা প্রত্যাখ্যান করেছে চীন ও ভারতসহ অন্যান্য বড় উন্নয়নশীল দেশগুলো।
কোপেনহেগেন জলবায়ু সম্মেলন শুরুর মাত্র ৫ দিন আগে দেশগুলো এ আপত্তি জানাল। কূটনীতিকরা বুধবার একথা বলেছেন।
বিশ্বের শীর্ষ গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ চীনের সঙ্গে ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা ধনী দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আরও বেশি কিছু করার দাবি জানিয়েছে। আর নিজেদের ক্ষেত্রে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর গ্রহণযোগ্য একটি সীমারেখা বেঁধে দিয়েছে। কূটনীতিকরা রয়টার্সকে একথা জানিয়েছেন।
ডেনমার্কের খসড়া প্রস্তাবে উল্লিখিত লক্ষ্যমাত্রা ৪টি দেশই প্রত্যাখ্যান করেছে। ওই খসড়ায় ২০৫০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন অর্ধেকে নামিয়ে আনা এবং বিশ্ব ঊষ্ণায়ন সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় কূটনীতিকরা একথা জানিয়েছেন।
উন্নয়নশীল দেশগুলো চায় বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রায় একমত হওয়ার আগেই ধনী দেশগুলো কার্বন নির্গমন হ্রাসে আরও বেশি কিছু করুক। কারণ তা না হলে কার্বন নির্গমন কমানোর ব্যবস্থা নেওয়ার ভার তাদের ওপর এসে পড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে বলে আশঙ্কা করছে উন্নয়নশীল দেশগুলো।
দক্ষিণ আফ্রিকার প্রধান জলবায়ু আলোচক আফ উইলস বলেন, আমরা ২০৫০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন ৫০/৫০ এ নামিয়ে আনতে রাজি হতে পারি না। কারণ এতে করে বাদবাকী গ্যাস নির্গমন কমানোর দায়টা অবশ্যম্ভাবীরূপেই উন্নয়নশীল দেশগুলোর ওপর বর্তানোর আশঙ্কা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৫ ঘ.
bdnews24