প্যারিস, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবিরে ২০০২ সাল থেকে আটক এক আলজেরীয় বন্দিকে ফ্রান্সে স্থানান্তর করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার একথা বলেছে।
মন্ত্রণালয় ওই বন্দির নাম সাবের লাহমার বলে জানিয়েছে। তাকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের ন্যায়বিচার আদালত সন্ত্রাসের সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, লাহমারকে নিতে রাজি হয়ে ফ্রান্স মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধে চেষ্টায় সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের সমালোচকরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অনেকদিন ধরে এই বন্দিশিবিরের নিন্দা করে এসেছেন।
ফ্রান্সের মন্ত্রণালয় বলেছে, "আমরা ওবামার সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। এতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।"
লাহনার ফ্রান্সে স্থানান্তর করা গুয়ান্তানামোর ২য় আলজেরীয় বন্দি। এর আগে মে মাসে আরেক আলজেরীয় লাখদার বোওমেদিয়েনেকে ফ্রান্সে স্থানান্তর করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স কর্তৃপক্ষ লাহমারকে ফরাসি সমাজের সঙ্গে একাত্ম করে নেওয়ার সর্বাত্মক চেষ্টা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24