নয়াদিল্লি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ ডেনমার্কের খসড়া প্রস্তাবে বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ কমানোর আহ্বান জানানো হয়েছে।
তবে ধনী দেশগুলোর জন্য গ্যাস নির্গমনের হার নির্ধারণ করা হয়েছে আরও বেশি।
ডিসেম্বর ৭-১৮ কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আগেই রয়টার্স হাতে পেয়েছে ডেনমার্কের ওই খসড়া প্রস্তাব। এতে ধনী দেশগুলোকে ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ৮০ শতাংশ কমানোর আহ্বান জানানো হয়েছে।
কোপেনহেগেনে জলবায়ু আলোচনা শেষে একটি রাজনৈতিক চুক্তির ভিত্তি হিসাবে কাজ করতে পারে এই খসড়া প্রস্তাব।
প্রস্তাবে দরিদ্র দেশগুলোর দাবি অনুযায়ী গ্রিনহাউজ গ্যাস কমানোর মাঝামাঝি কোনও লক্ষ্যমাত্রা সুনির্দিষ্ট করা হয়নি।
প্রস্তাবে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষেরই উচিত একযোগে গঠনমূলকভাবে কাজ করে যাওয়া।
ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ এক মন্তব্যে বলেছেন, ডেনমার্কের ৫০ শতাংশ কার্বন নির্গমন হ্রাসের আহ্বান সম্বলিত এই খসড়া কোপেনহেগেন সম্মেলনে পেশ করা হলে আলোচনা ভেস্তে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৫ ঘ.
bdnews24