ম্যানিলা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ফিলিপাইনে গত সপ্তাহে ৫৭ জন হত্যাযজ্ঞের প্রতিবাদে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার বিক্ষোভ করেছে শ' শ' সাংবাদিক ও মানবাধিকার কর্মী। সংবাদিক হত্যার বিচার দাবি করেছে তারা।
ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে গত সপ্তাহে নির্বাচনী সহিংসতায় নিহতদের মধ্যে ৩০ জন সাংবাদিক হত্যার বিচার দাবি করেছে বিক্ষোভকারীরা।
ন্যাশনাল প্রেস ক্লাবের প্রধান বেন্নি এন্টিপোর্দা এক বিবৃতিতে বলেছেন, আমরা ন্যায়বিচারের আহ্বান জানাচ্ছি। যা ঘটেছে তাতে গোটা বিশ্ব বিরক্তি প্রকাশ করেছে। হত্যাযজ্ঞে নিহত গণমাধ্যম কর্মীরা সশস্ত্র ছিল না।
ফিলিপাইনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, ২০০১ সাল থেকে এ পর্যন্ত ৫৯ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। সংখ্যাটি গত সপ্তাহে নিহতরা বাদে।
ফিলিপাইনে প্রেস ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে স্বাধীন হলেও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অহরহই হুমকি পাচ্ছেন। এদের কেউ গুলিতে নিহত হচ্ছেন আবার কেউ অপহরণের শিকার হচ্ছেন।
কিন্তু গত সপ্তাহের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে শুক্রবার গণমাধ্যম বিশ্লেষকরা জানান। তারা জানান, একটি ঘটনায় একসঙ্গে এত সাংবাদিক খুনের ঘটনা কল্পনাতীত। ইরাক, আফগানিস্তান কিংবা সোমালিয়ার মতো যুদ্ধপ্রবণ দেশেও এমনটি ভাবা কঠিন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এক প্রার্থী সাংবাদিকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় এক বন্দুকধারী গুলি চালিয়ে তাদের হত্যা করে। বন্দুকধারীকে বিরোধী পক্ষের সমর্থক বলে সন্দেহ করা হচ্ছে।
ওই প্রার্থী নিজে মনোয়নয়ন পত্র দাখিল করতে ভয় পাওয়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন নিজে না গিয়ে স্ত্রী ও বোনদের সঙ্গে সাংবাদিক পাঠিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। তার বিশ্বাস ছিল, অন্তত এদের উপর আক্রমণ করবে না শত্র"পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৪ ঘ.
bdnews24