নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন ২০২০ সাল নাগাদ কার্বন-ডাই-অক্সাইড নির্গমন ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঘোষণার পর জলবায়ু প্রশ্নে নমনীয় হওয়ার চাপে পড়েছে ভারত।
ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, চীনের এ পদক্ষেপের পর ভারতকে জলবায়ু নিয়ে নমনীয়তা দেখাতে হতে পারে। শুক্রবার এক পত্রিকার একথা বলা হয়েছে।
চীন বৃহস্পতিবার কার্বন নির্গমন কমানোর ওই লক্ষ্যমাত্রা ঘোষণা করে। ২০০৫ সালের তুলনায় ২০২০ সাল নাগাদ মাথাপিছু জিডিপির জন্য কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্তের কথা জানায় তারা। এটিকে একটি বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা হিসেবে চীনের জাতীয় অর্থনীতি ও সামাজিক বিকাশের মাঝারী এবং দীর্ঘকালীন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।
বিশ্ব ঊষ্ণায়ন রোধে জাতিসংঘ আলোচনা উৎসাহিত করতে চীনের এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রসংশিত হয়েছে। হিন্দুস্তান টাইমস পত্রিকায় রমেশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, চীন টনক নড়িয়ে দিয়েছে। আমাদেরকে এখন জলবায়ু কৌশল নিয়ে ভালোভাবেই চিন্তাভাবনা করতে হবে এবং এ ব্যাপারে নমনীয়তা দেখানোর পথ খুঁজতে হবে।
বেজিং সফরে যাওয়ার আগে রমেশ আরও বলেন, এখন এগিয়ে যাওয়া উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকেও কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণার প্রশ্নে আমাদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। যদিও এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়।
ভারত ও চীন দু দেশই জলবায়ু আলোচনায় একটি অভিন্ন অবস্থান নিয়ে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। চীন বিশ্বে শীর্ষ গ্রিনহাউজ গ্যাস নির্গমণ কারী দেশ। আর ভারত বিশ্বে চতুথ বৃহত্তম গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৬ ঘ.
bdnews24