ওয়াশিংটন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখন থেকে আট বছর পর আফগানিস্তানে থাকবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ বুধবার একথা বলেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে যুদ্ধ প্রক্রিয়া সম্প্রসারণের উদ্যোগ সম্পর্কে আমেরিকানদের কাছে ব্যাখ্যা হাজির করার পর্যায়ে এ ঘোষণা দেওয়া হল।
আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইতস্তত করছেন বলে কয়েকমাস ধরে রিপাবলিকানদের সমালোচনায় যুক্তিতর্ক শেষে ওবামা মঙ্গলবার আট বছর ধরে চলা অজনপ্রিয় যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আশা করা হচ্ছে তিনি আফগানিস্তানে আরও ৩০ হাজার সেনা পাঠানোর ঘোষণা দেবেন। বিদ্রোহ দমনের নতুন কৌশলের অধীনে ও সেনাবৃদ্ধির ফলে আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কাজ ত্বরান্বিত হবে মনে করা হচ্ছে এবং এতে মার্কিন সেনাদের পর্যায়ক্রমে দেশটি ছেড়ে আসার পথ সুগম হবে।
তবে সেনা প্রত্যাহারে নির্দিষ্ট কোনো সময়সূচির ঘোষণা ওবামার ভাষণে না থাকারই কথা। তবে হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, আফগানিস্তানে আমেরিকার তৎপরতা যে চিরস্থায়ী হবে না তার ওপর জোর দেবেন প্রেসিডেন্ট।
"আফগানিস্তানে আমাদের উদ্যোগের ৯ বছরে পা দিয়েছি। আমরা সেখানে আরও আট বা নয় বছর ধরে থাকব না।" গিবস সাংবাদিকদের বলেন। "আমরা সময় সেখানে সীমিত হবে, এটা সবারই বোঝা দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৫ ঘ.
bdnews24