ইসলামাবাদ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে গত বছরের সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে বুধবার ৭ জনকে অভিযুক্ত করেছে পাকিস্তানের আদালত। এক আইনজীবী একথা জানিয়েছেন।
ওই ৭ জন মুম্বাই হামলায় অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত নভেম্বরে ওই হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়। অভিযুক্ত ৭ জনের একজনের আইনজীবী বলেছেন, তারা দোষ স্বীকার করেনি।
অভিযুক্তরা পাকিস্তানের লস্কর ই তৈয়বার সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। তাদের রেকর্ড করা বিবৃতি এবং তাদের বিরুদ্ধে দেওয়া তথ্যপ্রমাণের সঙ্গে আনীত অভিযোগের কোনও মিল নেই বলে রয়টার্সকে জানিয়েছেন, আইনজীবী শাহবাজ রাজপুত।
ওদিকে, বিবিসি জানিয়েছে, ৭ জনের মধ্যে রয়েছে মুম্বাই হামলার হোতা হিসাবে অভিযুক্ত জাকি উর রেহমান লাখভি।
লাখভি ও সন্দেহভাজন অন্যান্যদের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী ও অপরাধ আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। ৭ জনই দোষ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ ঘ.
bdnews24